প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মামলা প্রত্যাহার না করায় শিক্ষককে পেটালেন যুবলীগ নেতা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৪ জুন, ২০২৫

নোয়াখালীর হাতিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সাবেক এক প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ নেতার বিরুদ্ধে। বুধবার (৪ জুন) সকালে ভুক্তভোগী শিক্ষক চারজনের নাম উল্লেখ করে হাতিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী শিক্ষক শংকর চন্দ্র দাস হাতিয়া সরকারি কে.এস.এস উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। তিনি চরঈশ্বর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রাজের হাওলা গ্রামের বাসিন্দা। অভিযুক্ত নোবেল চন্দ্র দাস ওই ওয়ার্ডের যুবলীগ সভাপতি।

জমি নিয়ে বিরোধ, মামলা ও হামলা
স্থানীয় সূত্রে জানা যায়, শংকর চন্দ্র দাস তার ক্রয়কৃত জমি নিয়ে প্রতিবেশী যুবলীগ নেতা নোবেল চন্দ্র দাসের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধে রয়েছেন। জমি থেকে ফসল ও গাছ জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগে শংকর দাস আদালতে দুটি মামলা দায়ের করেন। এসব মামলায় অভিযুক্ত নোবেল কিছুদিন কারাগারেও ছিলেন।

জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনি মামলাগুলো তুলে নেওয়ার জন্য শংকর দাসকে চাপ দিতে থাকেন। কিন্তু মামলা না তুলে নেওয়ায় গত ২৭ মে সকালে নোবেল চন্দ্র দাস আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে শংকর দাসের বাড়িতে গিয়ে তার ওপর হামলা চালান। একপর্যায়ে তাকে মারধর করে রক্তাক্ত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অজ্ঞান অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শংকর দাস বর্তমানে স্ত্রীসহ বাড়িতে একাই বসবাস করছেন, কারণ তার সন্তানরা দেশের বাইরে রয়েছেন।

প্রতিক্রিয়া ও প্রতিবাদ
এ ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে সাবেক শিক্ষার্থীদের মাঝে। বুধবার সকালে হাতিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। এতে বক্তব্য রাখেন সাবেক ছাত্র আবদুর রব রাশেদ, শ্রী কৃষ্ণ দাস, মো. মিলন উদ্দিনসহ অনেকে।

বক্তারা বলেন, “এ ঘটনা অত্যন্ত লজ্জাজনক ও ন্যাক্কারজনক। একজন শিক্ষকের ওপর প্রকাশ্যে হামলা সমাজের মূল্যবোধকেই প্রশ্নবিদ্ধ করে।” তারা দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

থানা পুলিশের বক্তব্য
হাতিয়া থানার ওসি (তদন্ত) মো. খোরশেদ আলম বলেন, “আমরা এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা