প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বাংলাদেশ-মিয়ানমার সম্মতি ছাড়া করিডোর নয়: জাতিসংঘ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৪ জুন, ২০২৫

মিয়ানমারের রাখাইন রাজ্যে ত্রাণ পৌঁছাতে ‘মানবিক করিডোর’ স্থাপন সংক্রান্ত বিষয়ে জাতিসংঘ নিজস্বভাবে কোনো সিদ্ধান্ত নেবে না বলে জানিয়েছেন সংস্থাটির আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। তবে বাংলাদেশ ও মিয়ানমার— উভয় পক্ষ সম্মতি দিলে জাতিসংঘ সহযোগিতা করতে প্রস্তুত।

বুধবার (৪ জুন) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

গোয়েন লুইস বলেন, “রাখাইনে মানবিক করিডোর স্থাপনের সিদ্ধান্ত জাতিসংঘ নেবে না। এটি সম্পূর্ণভাবে বাংলাদেশ ও মিয়ানমার সরকারের পারস্পরিক সম্মতির ওপর নির্ভরশীল। যদি উভয় দেশ সম্মত হয়, তাহলে জাতিসংঘ এর বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত।”

তিনি আরও যোগ করেন, “জাতিসংঘ কোনো রাষ্ট্রের সার্বভৌম সিদ্ধান্তের বাইরে গিয়ে কাজ করে না। সব ধরনের মানবিক সহায়তায় সংশ্লিষ্ট দেশের অনুমতি ও সমন্বয় গুরুত্বপূর্ণ।”

বিতর্কের পটভূমি

গত এক মাস ধরে রাখাইনে মানবিক করিডোর স্থাপন নিয়ে দেশজুড়ে চলছে তুমুল আলোচনা ও বিতর্ক। গত ২৭ এপ্রিল অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এক অনুষ্ঠানে জানান, বাংলাদেশ সরকার নীতিগতভাবে এই উদ্যোগে সম্মতি জানিয়েছে। এরপর থেকেই বিভিন্ন মহল বিষয়টি নিয়ে ভিন্নমত প্রকাশ করে আসছে।

বিশ্লেষকরা বলছেন, রাখাইনে চলমান সংঘাত ও মানবিক সংকটের প্রেক্ষাপটে একটি কার্যকর করিডোর সেখানে ত্রাণ পৌঁছাতে সহায়ক হতে পারে, তবে এর জন্য বাংলাদেশ-মিয়ানমার উভয়ের রাজনৈতিক সদিচ্ছা ও সমন্বিত উদ্যোগ অপরিহার্য।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা