সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। আরবি ক্যালেন্ডারের শেষ মাস জিলহজের ৮ তারিখে ‘ইয়াওমুত তারওয়িয়াহ’ বা তারওয়িয়াহ দিবস উপলক্ষে বুধবার ভোরে মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মুসল্লি।
এইদিন থেকেই শুরু হয় পবিত্র হজের ধারাবাহিক আনুষ্ঠানিকতা, যা চলবে মোট পাঁচদিনব্যাপী। হজের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ৯ জিলহজ আরাফার ময়দানে অবস্থান, ১০ জিলহজ কোরবানি ও পরবর্তী দুইদিন জামারায় শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে হজের পরিপূর্ণতা আসে।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণে হাজিরা মিনার পথে তালবিয়া পাঠ, জিকির ও তাসবিহে মগ্ন থাকেন। এ বছর প্রায় ১৪ লাখ ৭০ হাজার আন্তর্জাতিক হাজির পাশাপাশি কয়েক লাখ সৌদি অভ্যন্তরীণ হাজিও হজে অংশ নিচ্ছেন।
মক্কা ও পবিত্র স্থানসমূহের জন্য গঠিত রাজকীয় কমিশনের হজ ও ওমরাহ বিভাগের মহাপরিচালক ড. মোহাম্মদ আল-কারনি জানান, আন্তর্জাতিক হাজিরা গত ৩৬ দিন ধরে মক্কায় পৌঁছেছেন। তারা তাওয়াফুল কুদূম সম্পন্ন করে মঙ্গলবার রাত থেকেই মিনার দিকে যাত্রা শুরু করেছেন।
তিনি বলেন, হাজিদের যাত্রা গতকাল (মঙ্গলবার) রাত ৮টা থেকে শুরু হয়ে আজ (বুধবার) সকাল ১০টা পর্যন্ত চলবে। এরপর আরাফার ময়দানে যাওয়ার জন্য তিনটি ধরনের পরিবহন ব্যবস্থার প্রস্তুতি নেওয়া হয়েছে।
মাশায়ির ট্রেন ব্যবস্থায় যাবে প্রায় ৩ লাখ ১৬ হাজার হাজি
বহুমুখী পরিবহন ব্যবস্থায় যাবে প্রায় ৭ লাখ ২০ হাজার হাজি
এছাড়াও ব্যবহৃত হবে ঐতিহ্যবাহী পরিবহন
আল-খায়ফ মসজিদ প্রস্তুত
মিনা অঞ্চলের ঐতিহাসিক আল-খায়ফ মসজিদে হাজিদের জন্য ২৭ হাজার বর্গমিটার এলাকা জুড়ে জায়নামাজ বিছিয়ে প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদির ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রণালয়। একটি প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনায় হাজিদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করা হয়েছে।
হজের এই বিশাল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সৌদি কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করছে। এখন পর্যন্ত হাজিদের যাতায়াত ও অবস্থানে কোনো প্রতিবন্ধকতা দেখা যায়নি বলে জানানো হয়েছে।
সূত্র: সৌদি গেজেট