মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা এবং আরও বহু বিশিষ্ট ব্যক্তির মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করা হয়েছে—এমন সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা এবং বিভ্রান্তিকর বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
বুধবার (৪ জুন) দুপুরে ‘ফ্যাক্টস’ নামক ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি স্পষ্ট করে জানানো হয়।
পোস্টে বলা হয়, “সমকাল, যুগান্তর, ইত্তেফাক, কালের কণ্ঠসহ কিছু গণমাধ্যমে প্রকাশিত খবর—যেখানে বলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রী মো. মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানসহ বহু নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল হয়েছে—তা অসত্য ও ভুল তথ্যভিত্তিক।”
মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম-এর বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, “মুজিবনগর সরকারের মূল নেতৃবৃন্দ ছিলেন মুক্তিযোদ্ধা। তারা সরাসরি মুক্তিযুদ্ধ পরিচালনায় নেতৃত্ব দিয়েছেন। আর সে সময়কার কর্মকর্তা-কর্মচারীরা ছিলেন সহযোগী মুক্তিযোদ্ধা।”
তিনি আরও জানান, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কর্মী ও কূটনীতিকরাও সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত। তবে সহযোগী শব্দটি কোনোভাবেই তাদের সম্মান হানিকর নয়।
উপদেষ্টা আরও বলেন, “১৯৭২ সালের মুক্তিযোদ্ধার সংজ্ঞা অনুযায়ীই যাচাই-বাছাই হয়েছে। ২০১৮ ও ২০২২ সালে সংজ্ঞা আপডেট করা হয়েছে। নতুন অধ্যাদেশ অনুযায়ী ‘বীর মুক্তিযোদ্ধা’ হবেন সরাসরি সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণকারীরা। তবে সহযোগী মুক্তিযোদ্ধারাও সম্মান, মর্যাদা ও সুযোগ-সুবিধায় সমানভাবে মূল্যায়িত থাকবেন।”
এর আগে সোমবার (৩ জুন) রাতে সরকার ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)’ আইনের সংশোধিত অধ্যাদেশ জারি করে। এর পরপরই কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ পায়।