টাঙ্গাইলের বাসাইল উপজেলায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেছে একই পরিবারের তিনজনের। আহত হয়েছেন আরও তিনজন যাত্রী।
মঙ্গলবার (৩ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করাতিপাড়া বাইপাস এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চলন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন বাবা ও তার দুই ছেলের মৃত্যু হয়।
ওসি আরও জানান, গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে দ্রুত টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার কাজ পরিচালনা করেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।