নিজেকে গুম করার অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে সাতজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৩ জুন) দুপুরে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে এই অভিযোগপত্র দাখিল করেন তিনি। অভিযোগ দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির এই নেতা।
সালাহউদ্দিন বলেন, “গুম-খুনের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় এখনো পর্যন্ত আন্তর্জাতিক পর্যায়ে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। তাই বাধ্য হয়েই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শরণাপন্ন হয়েছি।” তিনি গুম ও খুনে জড়িত সকলের বিচার নিশ্চিত করার দাবিও জানান।
এর আগে, গত ১৫ অক্টোবর গুমসংক্রান্ত কমিশনের কাছেও নিজের নিখোঁজ হওয়ার ঘটনার অভিযোগ আনুষ্ঠানিকভাবে জমা দেন তিনি।
সালাহউদ্দিন বলেন, “যারা এই গুমে জড়িত এবং যারা এখনো ধরা পড়েননি, তাদের শনাক্ত ও গ্রেপ্তারের দায়িত্ব রাষ্ট্রের। দোষীদের বিচারের আওতায় আনতে হবে, সেটিই সরকারের মূল দায়িত্ব হওয়া উচিত।”
প্রসঙ্গত, ২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা এলাকা থেকে নিখোঁজ হন সালাহউদ্দিন আহমেদ। প্রায় দুই মাস পর ১১ মে ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরে স্থানীয় পুলিশ তার সন্ধান পায়।
পরে সালাহউদ্দিনকে আটক করে মেঘালয় পুলিশ। ভারতে বৈধ কাগজপত্র ছাড়া প্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্টে মামলা হয়। নিম্ন আদালতের রায়ে ২০১৮ সালে তিনি খালাস পেলেও ভারতের সরকার আপিল করায় তাকে সে দেশেই অবস্থান করতে হয়।