নির্ধারিত সময়সীমা অতিক্রম করেও সরকার বিতর্কিত আমলাদের অপসারণে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু করেছে জুলাই ঐক্য।
মঙ্গলবার (৩ জুন) বেলা ১১টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল সচিবালয়ের দিকে রওনা হয়। এতে অংশ নেয় জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী বিভিন্ন ছাত্র ও নাগরিক সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে সোমবার (২ জুন) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেয় জুলাই ঐক্য। সংগঠনের অন্যতম সংগঠক ইসরাফিল ফরাজী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ মে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ৪৪ জন আমলার একটি তালিকা প্রকাশ করা হয়, যাদের ‘স্বৈরাচারের দোসর’ হিসেবে উল্লেখ করা হয়। এরপর অন্তর্বর্তী সরকারের প্রতি ৩১ মে পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হলেও সরকার এ বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত কয়েকদিনে দেখা গেছে, সচিবালয়ের কিছু কর্মকর্তা-কর্মচারী সংস্কারপন্থী আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এটি জুলাই বিপ্লবের চেতনার বিরোধী এবং সচিবালয়ে পরিকল্পিতভাবে ‘সিভিল ক্যু’-এর ইঙ্গিত বহন করে, যার পেছনে বিদেশি হস্তক্ষেপ, বিশেষত ভারতীয় এজেন্ডার সংশ্লিষ্টতা রয়েছে।
জুলাই ঐক্য দাবি করে, শেখ হাসিনা ভারতীয় প্রভাবে পরিচালিত ‘প্রক্সি সরকার’ পরিচালনা করছেন এবং তার ঘনিষ্ঠ আমলাদের সচিবালয় থেকে অপসারণ না করা হলে প্রশাসনিক অচলাবস্থার আশঙ্কা বাড়বে।
সংগঠনটি এ অবস্থায় জনগণকে সচেতন থেকে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানায় এবং তাদের দাবির পক্ষে ঐক্যবদ্ধ থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানায়।