প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঈদযাত্রা: সড়ক ও রেলপথে ভিড়, নৌপথে থমথমে সদরঘাট

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩ জুন, ২০২৫

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে সড়ক ও রেলস্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেলেও নৌপথের চিত্র একেবারেই আলাদা। আসছে ৭ জুন ঈদ উপলক্ষে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে হাজারো মানুষ। কমলাপুর রেলস্টেশন ও বাস টার্মিনালে যাত্রীর স্রোত থাকলেও সদরঘাট লঞ্চ টার্মিনাল এখনও তুলনামূলক ফাঁকা।

৩ জুন (মঙ্গলবার) সকালে সরেজমিনে দেখা যায়, সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রীর সংখ্যা ছিল কম। অধিকাংশ লঞ্চেই অল্পসংখ্যক যাত্রী, কুলি-মজুরদের তেমন কার্যক্রম চোখে পড়েনি। এমনকি বেশ কয়েকটি লঞ্চের কেবিনও ফাঁকা রয়েছে।

লঞ্চ মালিকরা জানিয়েছেন, পদ্মা সেতু চালু হওয়ার পর দক্ষিণাঞ্চলের যাত্রীরা এখন সড়কপথেই বেশি ভরসা রাখছেন। ফলে নৌপথে ঈদযাত্রার সেই চিরাচরিত চিত্র বদলে গেছে। বরিশালসহ দক্ষিণাঞ্চলের বেশ কিছু রুটে যাত্রী কম থাকায় কেবিনের টিকিট বিক্রিও হয়নি যথারীতি।

এদিকে ঈদযাত্রায় রেলস্টেশন ও বাস টার্মিনালগুলোতে দেখা গেছে স্বস্তিকর পরিবেশ। কমলাপুর স্টেশনে অতিরিক্ত চেকিংয়ের মাধ্যমে টিকিটবিহীন যাত্রীদের প্রবেশ রোধ করা হচ্ছে। স্টেশন ম্যানেজার সাজেদুল ইসলাম জানান, হকার ও ভবঘুরেদেরও স্টেশন চত্বরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

বাস টার্মিনালগুলোতেও যাত্রীরা এবারে তুলনামূলক স্বাচ্ছন্দ্যেই ভ্রমণ করছেন। অতিরিক্ত ভাড়া কিংবা দীর্ঘ সারির মতো ভোগান্তির চিত্র এখনো দেখা যায়নি। তবে সংশ্লিষ্টরা বলছেন, ঈদের দু’দিন আগ থেকে যাত্রীর চাপ বাড়তে পারে।

সদরঘাট লঞ্চ মালিক সমিতির সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাটোয়ারী জানিয়েছেন, এবারে ঈদে লঞ্চ ভাড়া বাড়ানো হয়নি। বর্তমানে ১২০টি লঞ্চ ৩৮টি রুটে নিয়মিত চলাচল করছে। প্রয়োজনে ঈদের আগে অতিরিক্ত লঞ্চ নামানো হতে পারে। আবহাওয়ার কারণে গত কয়েকদিন কিছুটা বিঘ্ন ঘটলেও এখন পরিস্থিতি স্বাভাবিক।

ঢাকা-ইংল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মামুনুর রশীদ বলেন, লঞ্চে যাত্রীর প্রধান অংশ গার্মেন্টস শ্রমিকরা। তাঁদের ছুটি শুরু হলে যাত্রীর চাপ বাড়বে বলে আশা করা হচ্ছে।

এদিকে সদরঘাট লঞ্চ মালিক সমিতির কোষাধ্যক্ষ আবদুল হান্নান জানিয়েছেন, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো পরিকল্পনা নেই।

নৌপরিবহন অধিদপ্তরের যুগ্ম পরিচালক মোবারক হোসেন বলেন, যাত্রীসেবায় যেন কোনো সমস্যা না হয়, সে লক্ষ্যে লঞ্চ মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে সমন্বয়ে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সকল বিভাগ কাজ করছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা