প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

“জুলাই সনদ জাতীয় ঐক্যের রূপরেখা” — ড. মুহাম্মদ ইউনূস

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২ জুন, ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “জুলাই সনদ কেবল একটি ঘোষণাপত্র নয়, এটি জাতিকে বিভাজনের বাইরে এনে ভবিষ্যতের জন্য একটি সুদৃঢ় রূপরেখা।”

সোমবার (২ জুন) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফার সংলাপে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। এই সংলাপে দেশের প্রধান রাজনৈতিক দল ও দুটি জোটের প্রতিনিধি দল অংশ নেয়।

প্রধান উপদেষ্টা বলেন, “এই সংলাপ আমার কাছে শুধু দায়িত্ব নয়, বরং এক ধরনের অনুপ্রেরণা। আপনাদের সঙ্গে বসে কাজ করতে পারা আমার জন্য গর্বের।”

তিনি আরও বলেন, প্রথম পর্যায়ের আলোচনা যেসব বিষয়ে দূরত্ব তৈরি করেছিল, এবার সেগুলো ঘুচে যাবে বলেই আশা করা হচ্ছে। “আরেকটু এগোতে পারলেই আমরা আরও কয়েকটি বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারব,” বলেন তিনি।

সংলাপে বিএনপি, জামায়াতে ইসলামি, এনসিপি, এলডিপি, গণসংহতি আন্দোলন, লেবার পার্টি, খেলাফত মজলিস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণঅধিকার পরিষদ, সিপিবি, বাসদ, এবি পার্টি ও নাগরিক ঐক্যের নেতারা অংশ নেন।

জুলাই সনদে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার যে প্রচেষ্টা চলছে, তা আগামী দিনের রাজনৈতিক স্থিতিশীলতার মূলভিত্তি হয়ে উঠবে বলে মন্তব্য করেন ড. ইউনূস।

উল্লেখ্য, গত ২০ মার্চ শুরু হওয়া প্রথম দফার সংলাপে ৩৩টি দল ও জোটের সঙ্গে মোট ৪৫টি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা