জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দেশের রাজনৈতিক দলগুলোর মিটিং শুরু হয়েছে। মিটিংয়ে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম পর্বের বৈঠকের সমাপ্তি ঘোষণা করেছেন। তিনি আশা প্রকাশ করেন, খুব দ্রুতই ‘জুলাই চার্টার’ গৃহীত হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানিয়েছেন।
সোমবার (২ জুন) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের বৈঠক চলছে।
তিনি বলেন, বৈঠকে রাজনৈতিক দলের যারা আছেন সবাই কথা বলবেন। ২৮টি রাজনৈতিক দলের সবাই অলমোস্ট এসেছেন।
শফিকুল আলম বলেন, রাজনৈতিক দলগুলোর উদ্দেশে প্রধান উপদেষ্টা ৪ মিনিটের একটি বক্তব্য দিয়েছেন। প্রথম পর্বের বৈঠকের সমাপ্তি ঘোষণা করেছেন এবং দ্বিতীয় পর্বের বৈঠকের উদ্বোধন ঘোষণা করেছেন। তিনি সবাইকে বৈঠকে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। বাংলাদেশের মানুষের জন্য দেশের জন্য এটা ইম্পরট্যান্ট একটা ইভেন্ট। যে সমস্ত পলিটিক্যাল পার্টি এই ডায়ালগে যুক্ত হয়েছেন, নতুন বাংলাদেশ গড়ার যে প্রতিশ্রুতি আমরা জুলাই অভ্যুত্থানের মধ্যে মাধ্যমে পেয়েছি। সেই মোতাবেক সবাই কাজ করছেন।
তিনি আরও বলেন, যেসব জায়গায় রাজনৈতিক দলগুলো দ্বিমত পোষণ করছে সেসব ইন্টেনসিভ জায়গাগুলো নিয়ে এখন আলোচনা হবে।