প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জামালপুরে গ্যাসের সম্ভাবনা, কূপ খননে ৭.২ মিলিয়ন চাপে গ্যাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ জুন, ২০২৫

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া গ্রামে গ্যাস অনুসন্ধান কূপে খনন কাজের প্রাথমিক পরীক্ষায় গ্যাসের সন্ধান মিলেছে। রবিবার (১ জুন) দুপুর ১২টা পর্যন্ত কূপ থেকে ৭.২ মিলিয়ন ঘনফুট চাপে গ্যাস নির্গত হতে দেখা গেছে।

এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কূপটির প্রাথমিক পরীক্ষায় গ্যাসের অস্তিত্ব ধরা পড়ে। পরীক্ষামূলক পর্যবেক্ষণ চলবে আগামী ৭২ ঘণ্টা। এরপর কূপে কত পরিমাণ গ্যাস মজুত রয়েছে, তা নির্ধারণ করা যাবে।

কর্মকর্তারা স্বদেশ বাঙলাকে জানিয়েছেন, এ পর্যন্ত ২,৬০০ মিটার গভীর পর্যন্ত খনন করা হয়েছে। ১,৪৪১ থেকে ১,৪৪৫ মিটার স্তরে পাওয়া গিয়েছে গ্যাস। আরও একটি স্তরে গ্যাস থাকার ইঙ্গিত মিলেছে, সেটিও পরীক্ষাধীন।

প্রকল্প পরিচালক মো. মোজাম্মেল হক জানান, গ্যাস পাওয়া গেছে নিশ্চিতভাবে। তবে পরিমাণ জানার জন্য পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এছাড়া অন্য কোনো খনিজ পদার্থ থাকলে তাও যাচাই করা হচ্ছে।

প্রসঙ্গত, চলতি বছরের ২৪ জানুয়ারি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. সাইফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে কূপ খনন কাজের উদ্বোধন করেন। প্রায় ১৬৮ কোটি টাকা ব্যয়ে পরিচালিত হচ্ছে এই কূপ খনন প্রকল্প।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা