ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ধামর গ্রামের মো. সোলাইমান হোসেন সেলিমকে হত্যা দেখিয়ে দায়ের করা মামলার পেছনে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। আসলে তিনি জীবিত, অথচ একটি হত্যাকাণ্ডের নাটক সাজিয়ে তার বড় ভাই তাকে ‘মৃত’ দেখিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধামর বেলতলি বাজারের মুদি দোকানদার সেলিম ফুলবাড়িয়ায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। কিন্তু গত বছরের ৩ আগস্ট ঢাকার যাত্রাবাড়ীর কাজলা এলাকায় ‘গোলাগুলিতে নিহত’ হয়েছে এমন অভিযোগে বড় ভাই মো. গোলাম মোস্তফা ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় ৪১ জনকে আসামি করা হয়, যার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও রয়েছে। মামলার সাক্ষী হিসেবে দেখানো হয় সেলিমের দুই ভাই হেলাল উদ্দিন ও আবুল হোসেনকে।
তবে সাম্প্রতিক সময়ে স্পষ্ট হয়, সেলিম এখনো বেঁচে আছেন। এ খবরে ফুলবাড়িয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। স্থানীয় পুলিশ ঘটনার সত্যতা যাচাই করে রিপোর্টও জমা দিয়েছে।
গোড়া থেকে জানা যায়, তাদের বাবা আব্দুল হাকিম মৃত্যুবরণ করার পর থেকেই জমিজমা নিয়ে শুরু হয় পারিবারিক বিরোধ। সেলিমের দুই কন্যা সন্তান রয়েছে, ছেলে নেই—এ সুযোগে তার সম্পত্তি দখলে নিতে আগ্রহী হয়ে ওঠে তিন ভাই। বড় ভাই মোস্তফা দীর্ঘদিন ধরেই ঢাকায় থাকেন, এলাকায় তার উপস্থিতি নেই বললেই চলে। অপর দুই ভাই কৃষিকাজ করেন।
সেলিমের স্ত্রী হাজেরা খাতুন অভিযোগ করে বলেন, “আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে তারই ভাইয়েরা এই সাজানো মামলার পরিকল্পনা করেছে। সম্পত্তির জন্য তারা যেকোনো পথ অবলম্বন করতে প্রস্তুত।”
ভুক্তভোগী সেলিম বলেন, “আমার কোনো ছেলে নেই, দুই মেয়ে আছে। দীর্ঘদিন ধরে আমার ভাইয়েরা আমার সম্পত্তি নিয়ে আগ্রহী। পরিকল্পিতভাবে তারা আমাকে হত্যা দেখিয়ে মামলা করেছে। আমি ঘটনার সঠিক তদন্ত ও ন্যায়বিচার চাই।”
অন্যদিকে মামলার সাক্ষী হিসেবে যাকে দেখানো হয়েছে সেই হেলাল উদ্দিনের মেয়ে ঝুমি আক্তার বলেন, “আমি শুধু শুনেছি মামলা হয়েছে। কিন্তু আমার বাবাকে সাক্ষী বানানো হয়েছে, সেটি আমরা জানিই না।”
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, “এটি মূলত পারিবারিক বিরোধ। সেলিমকে মেরে ফেলা হয়েছে এমন মিথ্যা তথ্য দিয়ে তার ভাই একটি মামলা করেছে। যাত্রাবাড়ী থানাকে বিষয়টি জানানো হয়েছে।”