সৌদি আরব ১৪টি দেশের নাগরিকদের জন্য ‘ব্লক ওয়ার্ক ভিসা কোটা’ সাময়িকভাবে স্থগিত করেছে। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে, যা আগামী ২০২৫ সালের জুন পর্যন্ত বলবৎ থাকবে।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, শুধু কর্ম ভিসাই নয়, ওমরাহ, ব্যবসা ও পারিবারিক ভিজিটসহ আরও কয়েকটি ভিসা ক্যাটাগরিও আপাতত বন্ধ রয়েছে।
যে ১৪ দেশের নাগরিকদের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে তারা হলো—বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, ইয়েমেন এবং মরোক্কো।
বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্তের ফলে হাজারো বিদেশি কর্মী ও নিয়োগপ্রার্থী ক্ষতিগ্রস্ত হবেন। একইসঙ্গে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপরও এর প্রভাব পড়বে।
জানা গেছে, হজ মৌসুম শেষ হওয়ার প্রেক্ষাপটে সৌদি কর্তৃপক্ষ এই পদক্ষেপ গ্রহণ করেছে। অভ্যন্তরীণ ভ্রমণ নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক কার্যক্রম সহজ করতেই এই সাময়িক স্থগিতাদেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ব্লক ওয়ার্ক ভিসা হলো সৌদি নিয়োগদাতাদের জন্য নির্ধারিত একটি পূর্বানুমোদিত কর্মসংস্থান কোটা, যার মাধ্যমে তারা বিদেশি নাগরিকদের নিয়োগের অনুমতি পান। এ কোটা অনুমোদনের পর নিয়োগকর্তারা নির্দিষ্ট প্রার্থীদের জন্য ওয়ার্ক এন্ট্রি ভিসার আবেদন করতে পারেন।