প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আজ থেকেই গ্যাস সংকট কাটবে: উপদেষ্টা ফাওজুল কবির খান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩১ মে, ২০২৫

শিল্পকারখানায় গ্যাস–সংকটের যে অভিযোগ দীর্ঘদিন ধরে উঠছে, তা সত্য প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, “বিদেশ থেকে এলএনজি পৌঁছালেও সাগরের প্রতিকূল অবস্থার কারণে জাহাজ ডক করতে পারেনি। তবে আজ সন্ধ্যার মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছি।”

শনিবার (৩১ মে) সকালে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় টাওয়েল টেক্স লিমিটেড কারখানা পরিদর্শনের সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সকাল সাড়ে ১০টার দিকে কারখানায় এসে তিনি জানান, “দেশের বিভিন্ন এলাকায় এখনও অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। এর সঙ্গে জড়িত তিতাস কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে। পাশাপাশি বৃহত্তর পরিসরে অবৈধ সংযোগ বিচ্ছিন্নে অভিযান পরিচালিত হবে।”

এ সময় কারখানার গ্যাস সরবরাহ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন শেষে মালিকপক্ষকে উপদেষ্টা জানান, “সন্ধ্যায় আবার খোঁজ দেবেন, গ্যাস পরিস্থিতির উন্নতি হয়েছে কি না।” কারখানার পরিচালক শাহাদাত হোসেন জানান, “এই মাসে গ্যাস–সংকট তীব্র হয়েছে। আমরা অন্তত ৮ ঘণ্টা নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ চাই।”

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক পারভেজ আহমেদ, জ্বালানি সচিব সাইফুল ইসলাম ও পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান মেজর জেনারেল আজিম।

এর আগে সকাল ৯টার দিকে উপদেষ্টা ফাওজুল কবির খান আশুলিয়ার বিভিন্ন শিল্প এলাকার বিদ্যুৎ ও জ্বালানি অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন এবং ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি ১–এর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, “আরও আগেই সংকট নিরসন সম্ভব হতো, কিন্তু সমুদ্র উত্তাল থাকায় গ্যাস সরবরাহে বিলম্ব হয়। এখন পরিস্থিতির উন্নতি হয়েছে। ইতিমধ্যে ৫০ এমএমসিএফডি সরবরাহ বেড়েছে, আরও ১০০ থেকে ১৫০ এমএমসিএফডি সরবরাহ বাড়বে।”

পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের দাবিসংক্রান্ত আন্দোলন প্রসঙ্গে তিনি জানান, “আগামীকাল একটি বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচারকের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা কাল চূড়ান্ত প্রতিবেদন দেবে।”

আন্দোলন নিয়ে ফাওজুল কবির খান বলেন, “মিছিল-মিটিং করে কোনো লাভ নেই। অতীতে আন্দোলনকারীরা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে ক্ষতি করেছে, যা নাশকতার পর্যায়ে পড়ে। এ কারণে সরকার বাধ্য হয়েছে ব্যবস্থা নিতে।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা