প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

অপহরণ করে নগ্ন ভিডিও ধারণ, মুক্তিপণের ১.৪১ কোটি টাকাসহ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩০ মে, ২০২৫

রাজধানীর উত্তরা এলাকা থেকে অপহৃত এক দ্বাদশ শ্রেণির ছাত্রীকে উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা। এ সময় অপহরণে জড়িত পেশাদার চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান শুক্রবার (৩০ মে) বিকেলে সাংবাদিকদের জানান, গ্রেপ্তাররা কিশোরীদের চাকরির প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে আটকে রাখতেন এবং তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. মাসুম পারভেজ (৩৮), মো. সোলাইমান হোসেন (৩৮), শফিকুল ইসলাম সৌরভ (২৭), মোছা. মায়া (২৫) ও মোছা. রুলি খানম (১৯)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ কোটি ৪১ লাখ টাকা মুক্তিপণের অর্থ, ৬০টি ইয়াবা ট্যাবলেট, দুটি সিসি ক্যামেরা ও তিনটি মোবাইল ফোন।

থানা সূত্রে জানা গেছে, গত ২৬ মে বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে রূপনগর আবাসিক এলাকার বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয় স্কুলছাত্রীটি। পরে ২৮ মে রাত ২টা ৩৬ মিনিটে অজ্ঞাত এক ব্যক্তি ভিকটিমের মায়ের মোবাইলে কল করে মেয়েকে ফিরিয়ে দেওয়ার শর্তে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

পরিবার থেকে উত্তরা পশ্চিম থানায় অভিযোগ জানালে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রটিকে শনাক্ত করে। একই দিন বিকেল ৩টা ২০ মিনিটে উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি বাসা থেকে ভিকটিমকে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করা হয়। তবে অভিযানের সময় আরও কয়েকজন পালিয়ে যায়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা দায়ের করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, তারা একটি সুসংগঠিত অপহরণকারী চক্রের সক্রিয় সদস্য। কিশোরীদের ফাঁদে ফেলে আটকে রেখে তাদের ব্যক্তিগত গোপন ভিডিও তৈরি করত এবং ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা