রাজধানীর সূত্রাপুর থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ারা বেগমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৯ মে) অধ্যাপক আনোয়ারাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও সূত্রাপুর থানার এসআই একেএম হাসান মাহমুদুল কবীর তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম জামিন আবেদন জানালেও রাষ্ট্রপক্ষ তাতে বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর একদিন আগে, বুধবার (২৮ মে) সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় থেকে আনোয়ারা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার অভিযোগপত্র অনুযায়ী, ২০২৩ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিপরীতে স্টার হোটেলের সামনে একটি বিক্ষোভ মিছিল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। অভিযোগ রয়েছে, ওই সময় পরিকল্পিতভাবে জনতার ওপর হামলা চালিয়ে মারধর করা হয়, যার ফলে তৎকালীন সাধারণ সম্পাদক সুজন মোল্লা চোখে গুলিবিদ্ধ হন এবং তাকে দীর্ঘ সময় হাসপাতালে চিকিৎসা নিতে হয়।
পরে, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি, সুজন মোল্লা বাদী হয়ে সূত্রাপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং ছাত্রলীগের সদস্যসহ মোট ১৯৩ জনকে আসামি করা হয়। অধ্যাপক আনোয়ারা বেগম এই মামলার ৪৩ নম্বর এজাহারভুক্ত আসামি।