প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ট্রাম্প প্রশাসন ছাড়লেন ইলন মাস্ক, ‘ডিওজিই’ মিশনের সমাপ্তি ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৯ মে, ২০২৫

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে বিশেষ দায়িত্ব পালন করা টেসলার প্রধান নির্বাহী এবং এক্স (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ক পদত্যাগ করেছেন। বুধবার (২৮ মে) রাতে এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি নিজের এই সিদ্ধান্তের কথা জানান।

মাস্ক লেখেন, “বিশেষ সরকারি কর্মকর্তা হিসেবে আমার নির্ধারিত সময় শেষ হয়েছে। আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য।”

ইলন মাস্ক ‘ডিওজিই’ বা ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামক একটি বিশেষ প্রকল্পের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন, যার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র সরকারের ব্যয় সংকোচন এবং প্রশাসনকে আরও দক্ষ করে তোলা। চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প প্রশাসনে যোগ দিয়েছিলেন মাস্ক, যার মেয়াদ ছিল ১৩০ দিন। সেই মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হবে ৩০ মে।

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানান, পদত্যাগের প্রক্রিয়া বুধবার রাত থেকেই শুরু হয়েছে। তবে মাস্কের বিদায়ের পরও ‘ডিওজিই’ মিশনের কার্যক্রম চলবে বলে প্রশাসন নিশ্চিত করেছে।

প্রকল্পের ওয়েবসাইট অনুযায়ী, ডিওজিই এখন পর্যন্ত সরকারের ১৭৫ বিলিয়ন ডলার ব্যয় হ্রাস করেছে, যা একজন নাগরিক হিসেবে গড়ে ১,০৮৮.৯৬ ডলার সাশ্রয়।

তবে মাস্কের পদত্যাগ এমন এক সময়ে এলো যখন তিনি প্রকাশ্যে ট্রাম্পের নতুন বাজেট পরিকল্পনা—“বিগ, বিউটিফুল বিল”—নিয়ে সমালোচনা করেছেন। ওই প্রস্তাবনায় কর ছাড়ের মেয়াদ বাড়ানোর পাশাপাশি খাদ্য সহায়তা ও মেডিকেইড প্রাপ্তিতে কর্মসংস্থানের শর্ত যুক্ত করা হয়েছে, যেটিকে মাস্ক সামাজিকভাবে “সংবেদনশীল নয়” বলে অভিহিত করেছেন।

ডিওজিই প্রসঙ্গে মাস্ক আশা প্রকাশ করে বলেন, “এই উদ্যোগ ভবিষ্যতে আরও শক্তিশালী হবে এবং যুক্তরাষ্ট্রে সুশাসনের একটি মডেল হয়ে উঠবে।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা