ঢাকার মিরপুরে ভয়াবহ এক হত্যাকাণ্ডে নিহত হয়েছেন দোলা আক্তার দোলা নামে এক নারী ও তার স্বামী নাজমুল হোসেন পাপ্পু। বুধবার (২৮ মে) দুপুরে রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি বাসায় এ ঘটনা ঘটে। প্রেমঘটিত দ্বন্দ্ব থেকেই এ হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পরপরই ঘাতক গাউস মিয়াকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানায়, নিহত দোলা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তার স্বামী নাজমুল একটি ওষুধ কোম্পানিতে প্রতিনিধি হিসেবে চাকরি করতেন। তারা মিরপুরের ওই বাসায় সাবলেট হিসেবে বসবাস করছিলেন। আর ঘাতক গাউস মিয়া কিছুদিন আগেই সৌদি আরব থেকে দেশে ফিরে মিরপুরেই বাসা নেন।
তদন্তে জানা গেছে, সৌদি আরবে থাকার সময় ফেসবুকের মাধ্যমে দোলার সঙ্গে পরিচয় হয় গাউস মিয়ার। পরে তা প্রেমে রূপ নেয়। সম্পর্কের গভীরতায় গাউস ঢাকায় এসে দোলার বাসার আশেপাশেই বাসা ভাড়া নেন এবং নিয়মিত তার সঙ্গে দেখা করতেন। তবে দোলার বিয়ের বিষয়টি তিনি জানতেন না।
ঘটনার দিন সকালে গাউস দোলার বাসার সামনে এসে তাকে রিকশায় এক ব্যক্তির সঙ্গে যেতে দেখেন। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, ওই ব্যক্তি দোলার স্বামী। এতে ক্ষিপ্ত হয়ে গাউস বাসায় ফিরে যান এবং দুপুরে ছুরি হাতে আবার দোলার বাসায় গিয়ে দরজায় কড়া নাড়েন।
দরজা খুলতেই এক নারী ছুরিসহ গাউসকে দেখে বেরিয়ে যান এবং বাইরে থেকে দরজা আটকে ৯৯৯-এ ফোন করেন। এ সময় ঘরে ঢুকে গাউস প্রথমে শুয়ে থাকা পাপ্পুকে এবং পরে দোলাকে ছুরিকাঘাতে হত্যা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাউসকে হাতেনাতে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে। নিহতদের পরিবার এই ঘটনায় বিচারের দাবি জানিয়েছে এবং এলাকাবাসীও আতঙ্কিত।
পল্লবী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সালেহ মুহম্মদ জাকারিয়া বলেন, “প্রেমঘটিত কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।”