প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

১২ বছর ভুয়া পরিচয়ে বাংলাদেশ ব্যাংকে চাকরি: বরখাস্ত দুইজন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৯ মে, ২০২৫

বাংলাদেশ ব্যাংকে চাঞ্চল্যকর এক প্রতারণার ঘটনা সামনে এসেছে। প্রকৃত নিয়োগপ্রাপ্ত না হয়েও এক ব্যক্তি দীর্ঘ ১২ বছর ধরে ভুয়া পরিচয়ে কেন্দ্রীয় ব্যাংকে চাকরি করে যাচ্ছিলেন। বিষয়টি ধরা পড়ার পর ওই ব্যক্তিকে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টতা থাকার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. শাহজাহান মিয়াকেও চাকরিচ্যুত করা হয়েছে।

জানা গেছে, সিরাজগঞ্জ জেলার বাসিন্দা মো. আবদুল ওয়ারেস আনসারীর নাম-পরিচয় ব্যবহার করে তার ভাতিজা বাংলাদেশ ব্যাংকে চাকরি নিয়েছিলেন। প্রকৃত ওয়ারেস আনসারী বর্তমানে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে কর্মরত।

তদন্তে উঠে এসেছে, ২০১৩ সালে ৩১তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে নিয়োগ পান মো. আবদুল ওয়ারেস আনসারী। পাশাপাশি তিনি বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (সাধারণ) পদেও উত্তীর্ণ হয়েছিলেন, তবে তিনি ব্যাংকে না যোগ দিয়ে সিভিল সার্ভিসে চলে যান।

এই ফাঁকটি কাজে লাগান তার চাচা মো. শাহজাহান মিয়া, যিনি তখন বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিভাগের উপপরিচালক পদে কর্মরত ছিলেন। তিনি ভাতিজার পরিচয়ে নিজের সন্তানতুল্য এক ব্যক্তিকে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে নিয়োগে সহায়তা করেন।

ভুয়া পরিচয়ে চাকরিজীবন শুরু করে ওই ব্যক্তি ১২ বছরে দুটি পদোন্নতির মাধ্যমে রাজশাহী আঞ্চলিক অফিসে যুগ্ম পরিচালক পদে পৌঁছান। অবশেষে চলতি বছর ২৭ মে তদন্তের মাধ্যমে তার পরিচয় জালিয়াতি ধরা পড়ে এবং তাৎক্ষণিকভাবে তাকে চাকরিচ্যুত করা হয়।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, বিষয়টি তদন্তে প্রমাণিত হওয়ায় অভিযুক্ত দুই ব্যক্তিকে বরখাস্ত করা হয়েছে। শাহজাহান মিয়ার বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত চলছে।

অন্যদিকে, প্রকৃত ওয়ারেস আনসারী জানান, তিনি কখনও বাংলাদেশ ব্যাংকে যোগ দেননি এবং বিষয়টি তার অজানা ছিল। প্রতারণার খবর শুনে তিনি বিস্মিত হয়েছেন।

তবে অভিযুক্ত শাহজাহান মিয়া গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি অফিসে যাননি এবং বরখাস্তের বিষয়ে কিছু জানেন না।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা