বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘গুগল পে’। আগামী এক মাসের মধ্যেই দেশের আর্থিক প্রযুক্তি খাতে এটি নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে।
বুধবার (২৮ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
তিনি লেখেন, “দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিশ্বজুড়ে ব্যবহৃত জনপ্রিয় ডিজিটাল লেনদেন সেবা ‘Google Pay’ এবার বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে।”
পোস্টে আরও বলা হয়, আগামী এক মাসের মধ্যেই দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় কার্যক্রম শুরু করবে গুগল পে। এর মাধ্যমে স্মার্টফোন ব্যবহারকারীরা তাদের মোবাইল ডিভাইসকেই পরিণত করতে পারবেন একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ওয়ালেটে।
নতুন এই সুবিধা চালু হলে দৈনন্দিন লেনদেনের জন্য আলাদা করে ডেবিট বা ক্রেডিট কার্ড বহন করার প্রয়োজন অনেকটাই হ্রাস পাবে। ব্যবহারকারীরা সরাসরি ফোনের মাধ্যমে নিরাপদ ও দ্রুত পেমেন্ট সম্পন্ন করতে পারবেন।
এই উদ্যোগ দেশের ক্যাশলেস ইকোনমি গঠনে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।