বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
বুধবার (২৮ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান।
স্ট্যাটাসে তারেক রহমান বলেন, “আমি প্রায়ই বলি—ব্যক্তিগত মানসিকতার পরিবর্তনই হলো প্রকৃত সংস্কার। এটি কোনো দলিল বা কাগজে-কলমের সংস্কারের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। যেমন, উত্তর কোরিয়ার সংবিধানে ‘গণতন্ত্র’ শব্দটি থাকলেও, বাস্তবে সেটির কোনো প্রতিফলন নেই। গণতন্ত্র শুধু শব্দে নয়—তার বাস্তব প্রয়োগেই তা প্রমাণিত হয়।”
তিনি বলেন, “যেকোনো অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় সম্পদ হওয়া উচিত নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা। এমন কোনো কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে অথবা নাগরিকদের রাজনীতি থেকে বিচ্ছিন্ন করে দেয়। আমরা অন্তর্বর্তী প্রশাসনের কাছে আহ্বান জানাই—তারা যেন গণতন্ত্রের পক্ষের দল ও নাগরিকদের প্রতিপক্ষ মনে না করে। যারা ভবিষ্যতে ক্ষমতায় থাকতে চায়, তাদের উচিত হবে পদত্যাগ করে জনগণের রায়ে ম্যান্ডেট নেওয়া।”
তারেক রহমান আরও বলেন, “গত পনেরো বছরে ভোটার তালিকায় তিন কোটিরও বেশি নতুন ভোটার যুক্ত হয়েছেন। কিন্তু এদের অনেকে এখনো তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। এ কারণে গণতন্ত্র তাদের কাছে এখনো একটি অসম্পূর্ণ প্রতিশ্রুতি হয়ে আছে।”
তার ভাষ্য মতে, অতীতে যেসব স্বৈরাচারী শাসক ক্ষমতায় ছিলেন, তাদের কাছে গণতন্ত্র কিংবা মানুষের অধিকার তেমন কোনো মূল্য বহন করত না। তাই শুধু সংস্কার যথেষ্ট নয়—এখন প্রয়োজন একটি বাস্তব উদ্যোগ, যার মাধ্যমে একটি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন নিশ্চিত হবে।
তিনি বলেন, “বাংলাদেশে অতীতে তত্ত্বাবধায়ক সরকার মাত্র তিন মাসেই নির্বাচন সম্পন্ন করেছে—তার নজির আছে। অথচ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর দশ মাস পেরিয়ে গেলেও এখনো নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেনি। দেশের জনগণ এর চেয়েও ভালো কিছু আশা করতে পারে। আমরা এমন একটি বাংলাদেশ চাই—যেখানে কোনো কর্তৃত্ববাদ থাকবে না, এবং সরকার নির্বাচিত হবে অবাধ ভোটে, জনগণের কাছে জবাবদিহিমূলক হয়ে।”
সবশেষে তিনি বলেন, “জাতীয় নির্বাচন যাতে আগামী ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হয়, সে বিষয়ে অন্তর্বর্তী সরকারের উচিত এখনই স্পষ্ট ও কার্যকর পদক্ষেপ নেওয়া।”