প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আমাদের একমাত্র শত্রু আ.লীগ ও শেখ হাসিনা: সালাহউদ্দিন আহমেদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৮ মে, ২০২৫

আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র ভাষায় অভিযোগ এনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, “গণতন্ত্রকে নিঃশেষ করে দিয়েছে আওয়ামী লীগ। তারা কোনোদিনই গণতন্ত্রে বিশ্বাসী ছিল না। দেশের মূল শত্রু হচ্ছে আওয়ামী লীগ ও তাদের নেতৃত্বাধীন সরকার।”

বুধবার (২৮ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আওয়ামী লীগ দেশকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করে তুলেছে। ব্রিটিশ শাসন আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ২০০ বছরের লুটপাটের তুলনায় তারা কয়েক গুণ বেশি সম্পদ বিদেশে পাচার করেছে। প্রায় ৩০ লাখ কোটি টাকা তারা দেশের বাইরে পাঠিয়েছে, আর ৪ লাখ কোটি টাকা রয়েছে খেলাপি ঋণ হিসেবে। ব্যাংক থেকে যতো টাকা লোপাট হয়েছে, তা দিয়ে ৩৬টি পদ্মা সেতু তৈরি করা যেত।”

তিনি অভিযোগ করেন, “বিদ্যুৎ ও ব্যাংক খাত হয়ে উঠেছে দুর্নীতির কেন্দ্র। এই দুঃশাসনের অবসান না ঘটালে দেশের ভবিষ্যৎ অন্ধকার।”

সালাহউদ্দিন বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে তরুণদের সক্রিয় অংশগ্রহণ থাকবে। ৫ আগস্টের গণঅভ্যুত্থান আমাদের পথনির্দেশনা দেবে নতুন বাংলাদেশ নির্মাণে। একটি গোষ্ঠী কৌশলে ঐক্যে বিভাজন ঘটাতে চাইছে, কিন্তু আমাদের অতীতের আত্মত্যাগ ভুলে গেলে চলবে না।”

তারেক রহমানের নেতৃত্বে বিএনপির আন্দোলনকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, “যারা আমাদের বিদেশি এজেন্ট বলে প্রচার চালায়, তারা আসলে গণতন্ত্রবিরোধী শক্তির পক্ষে কাজ করছে।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা একটি স্বচ্ছ রোডম্যাপ চেয়েছিলাম, কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদত্যাগের নাটক করে বিভ্রান্তি সৃষ্টি করেছেন। ডিসেম্বরের মধ্যেই আমরা একটি নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে আসছি।”

সালাহউদ্দিন আহমেদ তার বক্তব্যের শেষভাগে বলেন, “দেশপ্রেমিক শক্তিগুলোর এখন একটাই লক্ষ্য হওয়া উচিত—‘সবার আগে বাংলাদেশ’। তারেক রহমানের নেতৃত্বে সেই নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা