প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রাজনৈতিক প্রতিপক্ষ সৃষ্টি নয়, গণতন্ত্রে ফিরুন – অন্তর্বর্তী সরকারকে তারেক রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৮ মে, ২০২৫

রাজনীতিকে প্রতিযোগিতার মাঠে রেখে প্রতিহিংসার পরিবেশ থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “গণতন্ত্রের পক্ষে থাকা রাজনৈতিক শক্তিগুলোকে শত্রু নয়, সহযাত্রী ভাবুন। গণতন্ত্র পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল ভূমিকাই প্রত্যাশিত।”

বুধবার (২৮ মে) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘তারুণ্যের সমাবেশ’ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, “জনগণের আস্থা ও ভালোবাসা হারায়—এমন কোনো সিদ্ধান্ত নেওয়া অন্তর্বর্তী সরকারের উচিত নয়। আপনারা যদি রাষ্ট্র পরিচালনায় থাকতে চান, তাহলে নিরপেক্ষভাবে পদত্যাগ করে নির্বাচনে অংশ নিন। জনগণ যদি আপনাদের পক্ষে রায় দেয়, তখনই বৈধভাবে সরকার গঠন করুন।”

তিনি আরও জানান, বিএনপির হাতে দেশ উন্নয়নের জন্য রয়েছে বিস্তারিত পরিকল্পনা। তবে সেটি বাস্তবায়ন সম্ভব একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই। তিনি বলেন, “জাতীয় নির্বাচন নিয়ে যে টালবাহানা চলছে, তাতে দেশ এক ধরনের অনিশ্চয়তায় পড়ে আছে। সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য হুমকি।”

তারুণ্যের সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোনায়েম মুন্না। সভা পরিচালনা করেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমেদ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা