রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বামপন্থি ছাত্র সংগঠনের মশাল মিছিল ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (২৭ মে) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাত সাড়ে ৭টার দিকে গণতান্ত্রিক ছাত্র জোট মশাল মিছিলের আয়োজন করে পরিবহন মার্কেট এলাকায়। কর্মসূচি শুরুর কিছু আগে ইসলামী ছাত্রশিবির শাহবাগবিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয় চত্বরে ঘুরে আসে এবং পরবর্তীতে একই স্থানে অবস্থান নেয়।
একপর্যায়ে শিবির নেতাকর্মীরা বামপন্থিদের দিকে তেড়ে আসেন এবং দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরপর শিবিরের পক্ষ থেকে চেয়ার, লাঠি ও ইট-পাটকেল ছোড়ার অভিযোগ ওঠে। এ সময় রাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোজাহিদ ফয়সালকে ঘটনাস্থলে উপস্থিত থাকতে দেখা যায়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে মশাল মিছিল শুরু করেছিলাম। হঠাৎই শিবিরের নেতাকর্মীরা আমাদের ওপর অতর্কিতে হামলা চালায়। পরবর্তী সময়ে বুদ্ধিজীবী চত্বরে ফের এক দফা হামলার ঘটনা ঘটে।” তিনি জানান, হামলায় তাদের অন্তত চারজন আহত হয়েছেন।
অন্যদিকে, শিবিরের সেক্রেটারি মোজাহিদ ফয়সাল বলেন, “এটি ছাত্রশিবিরের নিজস্ব কোনো কর্মসূচি ছিল না। এটি শাহবাগ বিরোধী ঐক্যের কর্মসূচি, যেখানে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। আমাদের আন্দোলন ছিল ২০১৩ সালে শাহবাগে যে ফ্যাসিবাদী সংস্কৃতি তৈরি হয়েছে, তার বিরুদ্ধে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান জানান, ঘটনার পরপরই প্রক্টরিয়াল টিম এবং ছাত্র উপদেষ্টা ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি বলেন, “উভয় পক্ষই হামলার অভিযোগ করেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”