রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবুসহ চারজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (২৭ মে) রাতে সেনাবাহিনীর অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওইদিন দুপুর ৩টা ৩০ মিনিটে বুড়িগঙ্গা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বছিলা সেনা ক্যাম্পের একটি টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেপ্তার হওয়া চারজনের মধ্যে এক্সেল বাবু দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
তার বিরুদ্ধে রাজধানীর একাধিক থানায় হত্যা, অস্ত্র, অপহরণ, চাঁদাবাজি এবং জমি দখলের অভিযোগে ১৫টিরও বেশি মামলা রয়েছে বলে জানানো হয়।
এছাড়া, গোয়েন্দা সূত্রের বরাতে আরও বলা হয়—এক্সেল বাবু রাজধানীর আলোচিত কিশোর গ্যাং ‘টিন এজ টর্নেডো’, ‘ডার্ক স্ট্রাইকার্স’, ‘রেড ভলক্যানো’ এবং কুখ্যাত অপরাধী ‘কবজি কাটা আনোয়ার’ ওরফে শুটার আনোয়ারের পেছনের মূলহোতা ও গডফাদার হিসেবেও পরিচিত।