প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মিরপুরে গুলি চালিয়ে ২২ লাখ টাকা ছিনতাই, আটক ১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৭ মে, ২০২৫

রাজধানীর মিরপুরে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী মাহমুদুল ইসলামকে গুলি করে তার কাছ থেকে ২২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় লিটন হাওলাদার (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজ্জাদ রুম্মন।

ঘটনার বিস্তারিত তুলে ধরে ওসি বলেন, সকাল ১০টার দিকে মাহমুদুল ইসলাম ও তার বোন জামাই জাহিদুল হক (৬০) বাসা থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে ফায়ার সার্ভিসের পাশে আব্দুল বাতেন সড়কে হঠাৎ দুটি মোটরসাইকেলে করে ছয়জন অস্ত্রধারী তাদের গতিরোধ করে। টাকার দাবি করলে মাহমুদুল তা দিতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা তাকে গুলি করে এবং সঙ্গে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নেয়।

ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে লিটন হাওলাদারকে আটক করা হয়েছে। বাকি অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।

ভুক্তভোগী মাহমুদুল ইসলাম সাংবাদিকদের বলেন, “প্রতিদিনের মতো সকালে বাসা থেকে মিরপুর-১০ নম্বর গোল চত্বরে অফিসে যাচ্ছিলাম। স্টেডিয়াম ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি এলাকায় পৌঁছালে ছয়জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে পথ আটকে টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হওয়ায় তারা কোমরে গুলি করে টাকা ছিনিয়ে নেয়।”

আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা