প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ মে, ২০২৫

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (২৭ মে) রাতে চার দিনের সরকারি সফরে জাপান রওনা হচ্ছেন। সফরকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে ৭টি দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

সোমবার (২৬ মে) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী এ তথ্য জানান। তিনি বলেন, জাপান সফরের মূল লক্ষ্য হলো দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং বিভিন্ন খাতে সহযোগিতার পরিধি বাড়ানো।

প্রধান উপদেষ্টা ২৯ ও ৩০ মে টোকিওতে আয়োজিত নিক্কেই ফোরামের সম্মেলনে অংশ নেবেন। সফরের অংশ হিসেবে তিনি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠক করবেন, যেখানে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।

সফরকালে যেসব চুক্তি ও সমঝোতা স্মারকে সই হবে, তার মধ্যে রয়েছে মানবসম্পদ উন্নয়ন, জ্বালানি, অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স (ওডিএ), বাংলাদেশ ম্যানপাওয়ার, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং ব্যুরো (বিএমইটি), অর্থনৈতিক অঞ্চল এবং বাণিজ্য সহযোগিতা সংক্রান্ত বিষয়াবলি।

এছাড়া, জাপানের পক্ষ থেকে ঢাকার ‘এক চীন নীতি’ প্রসঙ্গে তাদের উদ্বেগ প্রকাশ করা হতে পারে বলেও জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

এই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। সফরের একপর্যায়ে ড. ইউনূসকে জাপানের সোকা বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে।

উল্লেখ্য, দায়িত্ব নেওয়ার পর ড. মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে জাতিসংঘের সাধারণ অধিবেশন (নিউইয়র্ক), কপ-২৯ সম্মেলন (আজারবাইজান), ডি-৮ সম্মেলন (মিশর), ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (দাভোস), চীন, থাইল্যান্ড, কাতার এবং ভ্যাটিকান সফর সম্পন্ন করেছেন। এবার তার সফরের গন্তব্য জাপান।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা