বিশ্বব্যাংক বাংলাদেশকে ২৭ কোটি মার্কিন ডলার অর্থায়ন করবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩,২৮৩ কোটি টাকা (প্রতি ডলার ১২১.৬০ টাকার হিসাব অনুযায়ী)। এই ঋণ দেওয়া হবে ‘বাংলাদেশ সাসটেইনেবল ইমার্জেন্সি রিকভারি প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স প্রকল্প’ (বি-স্ট্রং) বাস্তবায়নের জন্য।
রোববার (২৫ মে) রাজধানীর আগারগাঁওয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং বিশ্বব্যাংকের মধ্যে ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডির সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে ঢাকা অফিসের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন ঋণচুক্তিতে স্বাক্ষর করেন।
ঋণচুক্তির বিবৃতিতে বলা হয়, এই প্রকল্পে মোট পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগের কম্পোনেন্ট রয়েছে, যা ২০২৫ সালের জুলাই থেকে ২০৩০ সালের ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। পানি উন্নয়ন বোর্ড, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি উন্নয়ন করপোরেশন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এই প্রকল্পের অন্তর্ভুক্ত। প্রকল্পের প্রধান লক্ষ্য ২০২৪ সালের আগস্টে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত এবং ক্ষতিগ্রস্ত জনগণের পুনর্বাসন।
বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) থেকে নেওয়া এই ঋণ ৩০ বছর মেয়াদি, যার মধ্যে রয়েছে পাঁচ বছরের গ্রেস পিরিয়ড। ঋণের ওপর বার্ষিক ০.৭৫% সার্ভিস চার্জ ও ১.২৫% সুদ ধার্য থাকবে। তবে কমিটমেন্ট ফি হিসেবে অনুত্তোলিত অর্থের ওপর সর্বোচ্চ ০.৫০% ফি দিতে হবে, যদিও বিশ্বব্যাংক দীর্ঘদিন ধরে এ ফি মওকুফ করে আসছে।
বিশ্বব্যাংক বাংলাদেশের অন্যতম প্রধান বহুপাক্ষিক উন্নয়ন সহযোগী হিসেবে স্বীকৃত। স্বাধীনতার পর থেকে এই প্রতিষ্ঠান বাংলাদেশকে ৪৩.৫০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে। বর্তমানে বিশ্বব্যাংক দেশের ৪৭টি প্রকল্পে মোট ১৩.১০ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন প্রদান করছে, যার মধ্যে রয়েছে অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন, অবকাঠামো ও জ্বালানি খাতের উন্নয়ন।