প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

“ছাত্র উপদেষ্টা দুজনের সঙ্গে এনসিপির কোনো সম্পৃক্ততা নেই” — নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৪ মে, ২০২৫

অন্তর্বর্তী সরকারের বর্তমান ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো সম্পর্ক নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (২৪ মে) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টা হিসেবে থাকা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের কর্মকাণ্ড বা অবস্থানের সঙ্গে এনসিপির কোনো ধরনের সম্পৃক্ততা নেই। যদি তারা রাজনীতি বা নির্বাচন করতে চান, তাহলে তাদের উচিত সরকার থেকে বেরিয়ে ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণ করা।”

তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থানের সময়কালীন পরিস্থিতিতে তারা প্রতিনিধি হিসেবে সরকারের সঙ্গে যুক্ত হয়েছিলেন, আমি নিজেও তখন তাদের সঙ্গে ছিলাম। কিন্তু এখন যদি তারা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে চান, তাহলে তা সরকারের পদ আঁকড়ে ধরে করা সমীচীন নয়।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং দক্ষিণাঞ্চল সংগঠক হাসনাত আব্দুল্লাহ প্রমুখ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা