প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

‘প্রফেসর ইউনূসের চারপাশে কুচক্রী বলয় গড়ে উঠেছে’ — দাবি সাংবাদিক জুলকারনাইনের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৩ মে, ২০২৫

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চারপাশে একটি ‘বিষাক্ত বলয়’ গড়ে উঠেছে বলে অভিযোগ তুলেছেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের।

শুক্রবার (২৩ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই অভিযোগ করেন। সেখানে তিনি দাবি করেন, ড. ইউনূস দীর্ঘ জীবনে সম্মান, কৃতিত্ব ও সততার সঙ্গে পথ চলেছেন, কিন্তু বর্তমান সময়ে তিনি এক শ্রেণির কুচক্রী ব্যক্তির দ্বারা পরিবেষ্টিত।

জুলকারনাইন লিখেছেন, “৮৪ বছর বয়সী নোবেলজয়ী ড. ইউনূস একজন বিশ্বব্যাপী শ্রদ্ধেয় ব্যক্তি। রাজনৈতিকভাবে নিরপেক্ষ অবস্থানে থেকেও তিনি নানা সময় রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন, বিশেষত স্বৈরশাসক হাসিনার আমলে তার বিরুদ্ধে নানা আইনগত হয়রানি চালানো হয়। তবে তিনি তখনও নির্ভরযোগ্য ও শিক্ষিত সহযোগীদের দ্বারা পরিবেষ্টিত ছিলেন।”

তবে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি পাল্টেছে বলে দাবি করেন তিনি। তার ভাষায়, “বর্তমানে ড. ইউনূসের চারপাশে ৩-৪ জন ব্যক্তি একটি টক্সিক সার্কেল তৈরি করেছে, যারা তাকে বিভ্রান্ত করছে এবং বিভিন্ন পক্ষের বিরুদ্ধে প্ররোচনামূলক বক্তব্য দিতে উৎসাহিত করছে। এদের মধ্যে রয়েছেন নূরুল ইসলাম ভূঁইয়া ছোটনসহ আরও কয়েকজন।”

তিনি আরও লেখেন, “এই চক্রটির উদ্দেশ্য স্পষ্ট — তারা দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে নিশ্চিহ্ন করে সেনাবাহিনীতে বিভাজন তৈরি করে একটি সংঘাতময় পরিস্থিতির দিকে দেশকে ঠেলে দিতে চায়। তাদের কথাবার্তা, কার্যক্রম দেখলেই বোঝা যায়, তারা দেশকে একটি গৃহযুদ্ধের দিকে নিতে চায়।”

জুলকারনাইন তুলনা করে বলেন, “যেভাবে অতীতে হাসিনার গোষ্ঠী গুম, খুন ও দমননীতি চালিয়ে জনগণের মনে আতঙ্ক সৃষ্টি করেছিল, তেমনভাবেই এই নতুন চক্রটিও এখন ভয় ও বিভ্রান্তি ছড়াচ্ছে। এদের কর্মকাণ্ড দেশের গণতন্ত্র, স্থিতিশীলতা এবং নাগরিক স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ।”

তিনি রাজনৈতিক দল ও সুশীল সমাজকে আহ্বান জানান, যেন সকলে সচেতন হয়ে এই চক্রকে চিহ্নিত করে প্রতিহত করে। একইসঙ্গে ড. ইউনূসকে যেন সম্মানের সঙ্গে তার দায়িত্ব সম্পন্ন করতে সহায়তা করে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের পথ সুগম করে।

সবশেষে তিনি দেশের সেনাবাহিনীর প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে লেখেন, “দেশের নিরাপত্তা বাহিনী সবসময়ই রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তাদের ওপর আস্থা রাখুন।”

পরবর্তীতে এক পৃথক পোস্টে জুলকারনাইন আরও বলেন, “খলিল, ছোটন, শুভ্র, রিজওয়ানা ও ফরহাদ মাজহারদের প্রভাবমুক্ত না হলে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে। এদের সরিয়ে দিয়ে নিরপেক্ষ, সৎ এবং রাজনৈতিক উচ্চাভিলাষহীন ব্যক্তিদের দিয়ে একটি ভারসাম্যপূর্ণ ক্যাবিনেট গঠন করা জরুরি।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা