বাংলাদেশ সরকার পশ্চিমবঙ্গের একটি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে নৌবাহিনীর টাগ বোট কেনার লক্ষ্যে সম্পাদিত ২ কোটি ১০ লাখ মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫৬ কোটি ২০ লাখ টাকা) একটি চুক্তি বাতিল করেছে।
শুক্রবার (২৩ মে) ভারতের একাধিক জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, কলকাতাভিত্তিক ‘গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড’ (জিআরএসই) কোম্পানির কাছ থেকে বাংলাদেশ নৌবাহিনীর জন্য টাগ বোট সরবরাহের পরিকল্পনা ছিল। এই চুক্তির মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ১৮০ কোটি রুপি। জিআরএসই ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
তবে ভারত হঠাৎ করেই তাদের সীমান্ত দিয়ে বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্যের পরিবহন নিষিদ্ধ করে। এরপরই বাংলাদেশ সরকার টাগ বোট ক্রয়ের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়।
বিশ্লেষকদের মতে, সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উত্তর-পূর্ব ভারতের ‘সেভেন সিস্টার্স’ অঞ্চলকে সমুদ্রবেষ্টিত না হওয়া অঞ্চল হিসেবে উল্লেখ করে বলেন, বাংলাদেশই এ অঞ্চলের একমাত্র সামুদ্রিক প্রবেশপথ। পাশাপাশি তিনি চীনের সঙ্গে ঐ অঞ্চলে বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে কথা বলায় ভারতের প্রতিক্রিয়া হিসেবে এ নিষেধাজ্ঞা এসেছে বলে মনে করা হচ্ছে।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, জিআরএসই কোম্পানি নিশ্চিত করেছে যে, বাংলাদেশ সরকার তাদের কাছ থেকে টাগ বোট তৈরির ক্রয়াদেশ বাতিল করেছে। কোম্পানিটি জানায়, এটি ছিল পারস্পরিক আলোচনার ভিত্তিতে নেওয়া একটি সিদ্ধান্ত।
হিন্দু বিজনেস লাইনের তথ্যমতে, গত বছরের জুলাই মাসে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল, যেখানে বাংলাদেশ ৮০০ টনের একটি টাগ বোট কেনার জন্য অর্ডার দিয়েছিল।
এই ক্রয়াদেশটি ২০২৩ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত ৫০০ মিলিয়ন ডলারের প্রতিরক্ষা ঋণ সহায়তা কর্মসূচির আওতায় ছিল। উল্লেখ্য, এই ঋণচুক্তির অধীনে ভারতের অর্থায়নে আরও কয়েকটি অবকাঠামো প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে, যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় শুরু হয়।
ইটিভি ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, গত আট বছরে ভারতের লাইন অব ক্রেডিটের আওতায় বাংলাদেশ পেয়েছে প্রায় ৮ বিলিয়ন ডলার।