বিএনপি ক্ষমতায় এলে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (২৩ মে) দুপুরে নরসিংদীর মেহেরপাড়া এলাকায় জুলাই আন্দোলনের শহীদ আরমান মোল্লার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এ কথা জানান।
তিনি বলেন, “শহীদ আরমান মোল্লাসহ যারা জুলাই আন্দোলনে জীবন দিয়েছেন, তাদের প্রতি দায়িত্ব নেওয়া আমাদের নৈতিক ও রাজনৈতিক অঙ্গীকার। এই দায়িত্ব গ্রহণ করছে ‘আমরা বিএনপি পরিবার’। রাষ্ট্রীয়ভাবে এসব শহীদ পরিবারের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব হলেও, বর্তমান সরকার সে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।”
সরকারের অবহেলার সমালোচনা করে রিজভী প্রশ্ন তোলেন, “নিহতদের সম্পূর্ণ তালিকা সরকার ও প্রশাসনের কাছে নেই কেন? তারা কীভাবে এভাবে অবহেলা করতে পারে?”
এ সময় তিনি শহীদ আরমান মোল্লার পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।