প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সৌদি আরবে আপন ২ ভাই খুন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৩ মে, ২০২৫

সৌদি আরবের দাম্মাম শহরের একটি বাসা থেকে দুই বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। নিহতরা হলেন কামরুজ্জামান কাকন (২৬) ও কামরুল ইসলাম সাগর (২২)। দুজনই রাজধানী ঢাকার পাশের সাভারের উত্তর ভুরুলিয়া এলাকার বাসিন্দা মো. মোশারফ হোসেন লম্বরির ছেলে।

পরিবারের বরাতে জানা গেছে, উচ্চশিক্ষিত কাকনের জন্য কানাডায় চাকরি পাওয়ার আশায় ঢাকার এক এজেন্সির পরিচালক বাহার উদ্দিনের সঙ্গে ২১ লাখ টাকার চুক্তি করেন মোশারফ হোসেন। প্রাথমিকভাবে ৩ লাখ টাকা পরিশোধ করলেও সেই প্রক্রিয়া সফল হয়নি।

পরবর্তীতে বাহার উদ্দিন কাকনের ছোট ভাই সাগরকে গত বছরের অক্টোবর মাসে ৪ লাখ ৩০ হাজার টাকায় সৌদিতে পাঠান। যদিও প্রতিশ্রুতি অনুযায়ী কোনো চাকরি তাকে দেওয়া হয়নি। এরপর কানাডার প্রস্তাব বাতিল করে উভয় ভাইকে মদিনা ইউনিভার্সিটিতে উচ্চ বেতনের চাকরির আশ্বাস দিয়ে আরও ৫ লাখ ৩০ হাজার টাকা গ্রহণ করেন বাহার উদ্দিন।

গত বছরের ডিসেম্বরের ৪ তারিখে কাকনকে সৌদি নিয়ে যান তিনি। কিন্তু বাস্তবে তাদের একটি ছোট কক্ষে আটকে রেখে অমানবিকভাবে রাখা হয় এবং কেবল খাবার সরবরাহের কাজ দেওয়া হয়। বিষয়টি জানার পর মোশারফ হোসেন নিজেই উমরাহ ভিসায় সৌদিতে গিয়ে ছেলেদের খোঁজ নেন।

তবে দেশে ফেরার কিছুদিন পরই খবর আসে—দাম্মামের একটি অ্যাপার্টমেন্ট থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবার এই হত্যাকাণ্ডকে পূর্বের প্রতারণা ও আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের ফল বলে সন্দেহ করছে।

অন্যদিকে বাহার উদ্দিন তার সম্পৃক্ততা অস্বীকার করে পাল্টা অভিযোগ করেছেন যে, মোশারফ হোসেন তার ১০০ গ্রাম স্বর্ণ (মূল্য প্রায় ১৩ লাখ টাকা) জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করেছেন।

নিহতদের মরদেহ দেশে ফেরত আনতে ইতোমধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কাছে আবেদন করা হয়েছে বলে জানিয়েছে পরিবার।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা