প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সালমান এফ রহমানের ছেলে শায়ানের সম্পত্তি জব্দ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৩ মে, ২০২৫

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের পুত্র আহমেদ শায়ান এফ রহমানের মালিকানাধীন লন্ডনের দুটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ দিয়েছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (NCA)।

ব্রিটিশ প্রভাবশালী সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার প্রশাসনকালে অর্থ কেলেঙ্কারির অভিযোগের প্রেক্ষিতে যুক্তরাজ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জব্দ হওয়া সম্পত্তিগুলোর একটি হলো লন্ডনের অভিজাত গ্রোসভেনর স্কয়ার এলাকার একটি অ্যাপার্টমেন্ট, যা ২০১০ সালে ৬৫ লাখ পাউন্ডে কেনা হয়েছিল। অপরটি, উত্তর লন্ডনের গ্রেশাম গার্ডেন্সে অবস্থিত, ২০১১ সালে যার মূল্য ধরা হয়েছিল ১২ লাখ পাউন্ড।

যুক্তরাজ্যের নির্বাচনী নথি থেকে জানা গেছে, শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা একসময় গ্রেশাম গার্ডেন্সের ওই অ্যাপার্টমেন্টে বসবাস করতেন। যদিও বর্তমানে তিনি সেখানে আছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। শেখ রেহানা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের মা।

এনসিএ এক বিবৃতিতে জানায়, “চলমান ফৌজদারি তদন্তের অংশ হিসেবে গ্রোসভেনর স্কয়ার ও গ্রেশাম গার্ডেন্সের অ্যাপার্টমেন্ট দুটি জব্দের আদেশ পেয়েছি। এই মুহূর্তে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।”

নথি অনুযায়ী, এসব সম্পত্তি ব্রিটিশ স্বশাসিত অঞ্চল আইল অব ম্যান–এ নিবন্ধিত একটি অফশোর কোম্পানির মাধ্যমে ক্রয় করা হয়েছিল।

এদিকে, বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন ফিন্যান্সিয়াল টাইমস–কে জানিয়েছেন, সালমান এফ রহমান এবং তাঁর ছেলে শায়ান এফ রহমান দুর্নীতির তদন্তে সন্দেহভাজনদের তালিকায় রয়েছেন।

তবে শায়ান এফ রহমানের পক্ষ থেকে একজন মুখপাত্র বলেন, “আমাদের মক্কেল সকল অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করছেন এবং যদি যুক্তরাজ্যে কোনো তদন্ত হয়, তিনি সেখানে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।”

তিনি আরও জানান, “বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে, যেখানে বহু ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে। আমরা আশা করি যুক্তরাজ্যের কর্তৃপক্ষ এসব বিবেচনায় নেবে।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা