প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ফ্যাসিবাদবিরোধী ৫ দলের জরুরি বৈঠক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৩ মে, ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের আহ্বানে ফ্যাসিবাদবিরোধী পাঁচটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের অংশগ্রহণে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) রাতের শেষ প্রহরে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে এই বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, অধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতিয়াজ আলম, মুফতি সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়ের, আহমদ আবদুল কাইয়ুম, এবি পার্টির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, মুখ্য সমন্বয়ক মোহাম্মদ সাদ্দাম হোসেন, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ এবং ইসলামী আন্দোলনের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমেদ ও প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী প্রমুখ।

বৈঠকে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা এবং অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার ব্যাপারে একমত হন। প্রস্তাবিত অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ড. মোহাম্মদ ইউনুস—এই ব্যাপারে নেতারা সম্মত হন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ শফিকুর রহমান ফোনে বৈঠকে মতামত দেন এবং আলোচিত উদ্যোগকে সমর্থন জানান।

বৈঠকের শেষাংশে নেতৃবৃন্দ সকল গণতান্ত্রিক শক্তিকে ফ্যাসিবাদবিরোধী বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানান এবং দেশবিরোধী কোনো ষড়যন্ত্র প্রতিহত করতে সর্বদা সচেতন থাকার ওপর গুরুত্বারোপ করেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা