প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ভারতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনের এক কর্মকর্তাকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ মে, ২০২৫

ভারতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনের এক কর্মকর্তাকে বহিষ্কার করেছে নয়াদিল্লি। একই সঙ্গে তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারত ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। কূটনৈতিক মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, এমন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এতে বলা হয়েছে, বুধবার দিল্লিতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনের এক কর্মকর্তাকে বহিষ্কার করেছে ভারত। ওই কর্মকর্তার বিরুদ্ধে কূটনৈতিক মর্যাদার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

চলতি মাসের শুরুর দিকে কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৫ ভারতীয় ও এক নেপালি নাগরিকের প্রাণহানি ঘটে। এই হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মিরে হামলা চালায় ভারতীয় সামরিক বাহিনী। পরে ভারতের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালায় পাকিস্তানের সশস্ত্র বাহিনী। দুই দেশের সামরিক বাহনীর এমন হামলা-পাল্টা হামলা চারদিন ধরে চলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হয়।

সাম্প্রতিক এই সামরিক উত্তেজনার কারণে যখন দুই দেশের সম্পর্কের চরম অবনতি ঘটেছে, তখন পাকিস্তানের হাইকমিশনের কর্মকর্তাকে বহিষ্কার করল ভারত। যদিও পেহেলগামে হামলার ঘটনার পরপরই উভয় দেশ পাল্টাপাল্টি হাইকমিশনের কর্মকর্তাদের বহিষ্কার করেছিল।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘দিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনে কর্মরত এক কর্মকর্তাকে ‘পার্সোনা নন গ্রাটা’ ঘোষণা করেছে ভারতের সরকার। কারণ তিনি এমন কর্মকাণ্ডে জড়িত ছিলেন যা তার কূটনৈতিক দায়িত্বের পরিপন্থী। ওই কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ত্যাগ করতে বলা হয়েছে।’’

তবে পাকিস্তানি ওই কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে কিছু জানায়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এই ঘটনার এক সপ্তাহ আগে পাকিস্তানের হাইকমিশনের অপর এক কর্মকর্তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনে নয়াদিল্লি। পরে তাকেও বহিষ্কারের পর ২৪ ঘণ্টার মধ্যে ভারত ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা