প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বরগুনায় ভাড়া বাসা থেকে গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২১ মে, ২০২৫

বরগুনা পৌরসভার পশু হাসপাতাল সড়কে অবস্থিত সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেন খানের ভবনের দ্বিতীয় তলায় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রোজী আক্তার (৫৫)।

বাড়ির মালিক মোশাররফ হোসেন খান জানান, রোজী আক্তার চলতি বছরের সেপ্টেম্বর মাসে তার ভবনের তৃতীয় তলায় ভাড়াটিয়া হিসেবে উঠেছিলেন। তার গ্রামের বাড়ি বরগুনার বালিয়াতলী ইউনিয়নের চৌমনী গ্রামে।

নিহতের স্বজনরা জানান, গত ৩-৪ দিন ধরে রোজীর মোবাইল বন্ধ থাকায় পরিবারের লোকজন চিন্তিত হয়ে পড়ে। বিভিন্ন জায়গায় খোঁজ করেও কোনো সন্ধান না পেয়ে বুধবার (২১ মে) দুপুর ১২টার দিকে তারা বাড়ির মালিকের সহায়তায় তালা ভেঙে ঘরে প্রবেশ করলে বাথরুমে পড়ে থাকা মরদেহ দেখতে পায়। এরপর পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতার সাবেক স্বামী মোস্তফা খান জানান, রোজীর কাছে কিছু নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিল, যা তার মৃত্যুর পেছনে অন্যতম কারণ হতে পারে বলে সন্দেহ করছেন তিনি।

ঘটনার বিষয়ে বরগুনা থানার পুলিশ জানিয়েছে, দুপুর ২টার দিকে মরদেহ উদ্ধার করা হয় এবং এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনে এসে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জহুরুল ইসলাম বলেন, “আমরা তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা করছি। খুব শিগগিরই এর রহস্য উন্মোচিত হবে।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা