জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে। আমরা যতদিন বেঁচে আছি, এই ইসি পুনর্গঠন করে ছাড়বোই। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী এসব কথা বলেছেন।
বুধবার (২১ মে) দুপুর ইসির পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ কর্মসুচির সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
তিনি বলেন, আমরা কয়েকদিন আগেও মাঠে নেমেছিলাম, আমাদের একটি দাবি আদায় হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। কিন্তু আওয়ামী লীগের ইলেকশন কমিশন, সংবিধান এখনো নিষিদ্ধ হয় নাই। আমরা সংবিধান পোড়ানোর কর্মসূচি দিতে বাধ্য হব। বাংলাদেশের কোনো মুজিবীয় সংবিধান থাকবে না।
নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ২০২২-এর যে আইন রয়েছে, সেই আইনের মাধ্যমে বর্তমান নির্বাচন কমিশনার যারা রয়েছেন তাদের নিয়োগ দেওয়া হয়েছে। এই নির্বাচন কমিশনের, যারা গত তিনটি নির্বাচনে ভোট ডাকাতি করেছিল। কর্মকর্তা কর্মচারী অনেকে এর সঙ্গে জড়িত ছিল। জাতীয় নাগরিক পার্টি থেকে প্রথম দাবি হলো ইসিকে পুনর্গঠন করতে হবে।