প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার পদত্যাগ চাইলেন ইশরাক হোসেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ মে, ২০২৫

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে সদ্য গেজেটভুক্ত ইশরাক হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন।

বুধবার (২১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

ইশরাক লিখেছেন, “গণতান্ত্রিক ভাষায়, রাজনৈতিক শিষ্টাচার মেনে যৌক্তিক কারণে উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে অন্তর্বর্তীকালীন সরকারের সকল দায়িত্ব থেকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। কারণ এটি প্রতীয়মান যে আপনারা রাজনৈতিক দলে সম্পৃক্ত হচ্ছেন বা হবেন। এমনকি নির্বাচনে অংশ নেয়ারও সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় পদত্যাগই হবে গ্রহণযোগ্য ও সঠিক সিদ্ধান্ত।”

তিনি আরও লেখেন, “আপনারা যদি পদে থেকে দলীয় রাজনীতিতে সক্রিয় হন, তাহলে তা নিরপেক্ষতার পরিপন্থী হবে। এতে করে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। বরং পদত্যাগ করলে সরকারের ইমেজই উজ্জ্বল হবে।”

নাহিদ ইসলামের দৃষ্টান্ত টেনে তিনি বলেন, “আপনাদেরই নাহিদ ইসলাম সেটাই দেখিয়ে গেছেন। উনি চাইলে মন্ত্রীত্ব ধরে রেখে পরে দল করতে পারতেন। কিন্তু রাজনৈতিক শুদ্ধাচার বজায় রাখতে পদত্যাগ করে নতুন রাজনৈতিক পথ বেছে নিয়েছেন। একদিন জনগণের ভোটে জয়ী হলে আপনারাও সম্মান ও দায়িত্ব ফিরে পাবেন।”

ইশরাক বলেন, “ক্ষমতা হাতে রেখে আপনি কখনও শতভাগ নিরপেক্ষ থাকতে পারবেন না। কাঁঠাল ভাঙবে আপনাদের মাথায়, কিন্তু খাবে অন্যরা।”

নিজের বিরুদ্ধেও ওঠা সমালোচনার জবাবে তিনি লিখেছেন, “হ্যাঁ, আমিও সমালোচনার মুখে পড়েছি। কিন্তু আমার পেছনে কোনো ক্ষমতা ছিল না। আমি ন্যায্যতা প্রতিষ্ঠা করতে চেয়েছি, বিচারিক প্রক্রিয়া অনুসরণ করেছি। এটা দেশের জন্য জরুরি ছিল।”

শেষে তিনি বলেন, “আপনাদের পদত্যাগ এখন সময়ের দাবি। কেন থাকতে চাচ্ছেন আপনারা? জনগণও তা জানতে চায়।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা