প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এনসিপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২১ মে, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকর্মীকে মুচলেকায় থানা থেকে ছাড়িয়ে আনার ঘটনায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বুধবার (২১ মে) সকালে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, গত মঙ্গলবার ধানমন্ডির একটি আবাসিক এলাকায় “সমন্বয়ক” পরিচয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তিনজনকে আটক করে ধানমন্ডি থানা পুলিশ। আটককৃতদের একজন ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বী, যাকে এরইমধ্যে নৈতিকতা স্খলনের অভিযোগে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এরপরও আব্দুল হান্নান মাসউদ নিজে উপস্থিত হয়ে তিনজনের পক্ষ থেকে মুচলেকা জমা দিয়ে তাদের ছাড়িয়ে আনেন, যা সংগঠনের নীতিমালার পরিপন্থী বলে চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে আরও বলা হয়, কেন এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার লিখিত ব্যাখ্যা আগামী তিন দিনের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধানের নিকট জমা দিতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, ঘটনার প্রেক্ষাপটে জানা যায়, সোমবার (১৯ মে) রাতে ধানমন্ডিতে হাক্কানী পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফার বিরুদ্ধে গ্রেপ্তারের দাবিতে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনজন। এ সময়ের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে একজন তরুণ ওসিকে উদ্দেশ করে উচ্চস্বরে কথা বলেন।

ধর্মীয় অনুভূতির অবমাননা ও অশোভন আচরণের অভিযোগে ওই তিনজনকে হেফাজতে নেয় পুলিশ। পরে মঙ্গলবার বিকেলে মুচলেকা দিয়ে তাদের মুক্তি দেওয়া হয়।

ধানমন্ডি থানার ওসি ক্যশৈনু জানান, মুক্তিপ্রাপ্তরা হলেন— সাইফুল ইসলাম রাব্বী, আফারহান সরকার দিনার ও মোহাম্মদ জিসান উল্লাহ। এদের মধ্যে রাব্বী ও দিনার সংগঠনের গুরুত্বপূর্ণ পদে ছিলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা