বিশ্ববিখ্যাত স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক এবার বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করেছে।
মঙ্গলবার (২০ মে) সকালে স্টারলিংকের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক ঘোষণার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি বলেন, “স্টারলিংক এখন অফিসিয়ালি বাংলাদেশে সেবা চালু করেছে। গতকাল সোমবার (১৯ মে) বিকেলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আমাকে ফোন করে বিষয়টি জানানো হয়। আজ সকালে তারা নিজেদের এক্স হ্যান্ডেলেও আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা দিয়েছে।”
দুটি প্রাথমিক প্যাকেজে যাত্রা
প্রথম ধাপে স্টারলিংক বাংলাদেশে ‘স্টারলিংক রেসিডেন্স’ এবং ‘রেসিডেন্স লাইট’ নামের দুটি ইন্টারনেট প্যাকেজ চালু করেছে।
- ●রেসিডেন্স প্যাকেজের মাসিক খরচ: ৬,০০০ টাকা
- ●রেসিডেন্স লাইট প্যাকেজের মাসিক খরচ: ৪,২০০ টাকা
- ●উভয় প্যাকেজে এককালীন সেটআপ খরচ: ৪২,০০০ টাকা
এই সেবায় নেই কোনো স্পিড বা ডাটা সীমাবদ্ধতা। ব্যবহারকারীরা সর্বোচ্চ ৩০০ এমবিপিএস গতিতে আনলিমিটেড ইন্টারনেট উপভোগ করতে পারবেন।
সারা দেশে সংযোগের নতুন দিগন্ত
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “আজ থেকেই দেশের গ্রাহকরা স্টারলিংকের সেবা অর্ডার করতে পারবেন। স্যারের (প্রধান উপদেষ্টার) নির্ধারিত ৯০ দিনের মধ্যেই এই সেবা চালু হওয়া একটি বড় অর্জন।”
তিনি আরও বলেন, “মূল্য কিছুটা বেশি হলেও, এটি প্রিমিয়াম গ্রাহকদের জন্য একটি উন্নতমানের টেকসই বিকল্প হয়ে উঠবে। বিশেষ করে যেসব অঞ্চলে এখনো ফাইবার অপটিক সংযোগ নেই, সেখানে এনজিও, ফ্রিল্যান্সার এবং উদ্যোক্তারা এই পরিষেবা থেকে উপকার পাবেন।”
সবাইকে অভিনন্দন
তিনি জানান, প্রধান উপদেষ্টা এ সফল উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।