প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো ৫ জনের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৯ মে, ২০২৫

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ঠাকুরগাঁও জেলা হিসাব ও অর্থ অফিসের ৪ কর্মকর্তা ও চালক। এতে গুরুতর আহত হয়েছেন একই অফিসের আরও তিনজন কর্মকর্তা।

সোমবার (১৯ মে) সকালে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার বাবলু ফার্ম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন — অডিটর জুলফিকার আলী (৪৬), সহকারী অডিটর ইমরুল হোসেন (৪৫), দেলোয়ার হোসেন (৫০) এবং মাইক্রোবাস চালক মানিক হোসেন।

আহতদের মধ্যে রয়েছেন — মিজানুর রহমান সরকার (৫০), আল মামুন (৪০) এবং নাহিদ হোসেন (৩২)। তারা দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকার বাসিন্দা। বর্তমানে তারা ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন, এবং তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ জানায়, সকালে ঠাকুরগাঁও থেকে একটি নোয়া মাইক্রোবাসে করে ৭ কর্মকর্তা রংপুরে প্রশিক্ষণের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বীরগঞ্জের বাবলু ফার্ম এলাকায় মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারওয়ার আলম খান জানান, দুর্ঘটনাটি দিনাজপুর জেলার বীরগঞ্জ এলাকায় ঘটেছে। নিহত সবাই ঠাকুরগাঁও জেলার বাসিন্দা। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।

তিনি আরও জানান, দুর্ঘটনা-সংক্রান্ত প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম বীরগঞ্জ থানা পুলিশ পরিচালনা করছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা