প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

৪র্থ দিনের মতো নগরভবন আটকে বিক্ষোভ ইশরাক সমর্থকদের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৮ মে, ২০২৫

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব হস্তান্তরের দাবিতে টানা চতুর্থ দিনের মতো নগরভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা।

রবিবার (১৮ মে) সকাল থেকে ‘ঢাকাবাসী’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিতে নগরভবনের সামনে জড়ো হন ইশরাক হোসেনের সমর্থকরা। নগরভবনের প্রধান ফটকে অবস্থান নেওয়ায় সেখানে জনসাধারণের স্বাভাবিক প্রবেশ ও সেবা গ্রহণে বিঘ্ন ঘটে।

সরেজমিনে দেখা যায়, দক্ষিণ সিটির বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে সমর্থকরা নগরভবনে উপস্থিত হন এবং মেয়রের দায়িত্ব গ্রহণে বিলম্বের প্রতিবাদ জানান। এ সময় তারা ‘অবিলম্বে শপথ চাই’, ‘ইশরাক ভাইয়ের শপথ চাই’, ‘জনতার মেয়র ইশরাক ভাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

এর আগের দিন, শনিবার (১৭ মে) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন দাবি করেন, তার নির্বাচনী জয়কে বিলম্বিত করতে রাজনৈতিক প্রভাব খাটানো হয়েছে। তিনি বলেন, “নির্বাচনের ৩০ দিনের মধ্যেই মামলা করা হয়, কিন্তু প্রভাব খাটিয়ে সেটি থামানোর চেষ্টা করা হয়েছিল। আদালত আইনি প্রক্রিয়া অনুসরণ করে আমাদের পক্ষে রায় দিয়েছেন।”

তিনি আরও বলেন, “গেজেট প্রকাশের পরও এখন পর্যন্ত আমাকে শপথ গ্রহণ করতে দেওয়া হয়নি, অথচ আমরা প্রস্তুত। যারা এই রায়ের বিরুদ্ধে কথা বলছেন, তারা আদালত অবমাননা করছেন।”

উল্লেখ্য, ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেন। এরপর ২২ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) আইন মন্ত্রণালয়ের মতামত চাইলেও তা না পেয়েই ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে। পরে ১৩ মে ইসি জানায়, তারা ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করবে না।

তবে এ গেজেট প্রকাশ নিয়ে কিছু প্রশ্নও উঠেছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল মন্তব্য করেন, “মন্ত্রণালয়ের মতামত না নিয়েই ইসি গেজেট প্রকাশ করেছে, যা প্রশ্নবিদ্ধ।”

বর্তমানে বিষয়টি রাজনৈতিকভাবে সংবেদনশীল রূপ নিয়েছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলো শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্তের জন্য নজর রাখছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা