প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এনইসি বৈঠকে ২.৩০ লাখ কোটি টাকার সম্ভাব্য এডিপি অনুমোদনের প্রস্তাব

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৮ মে, ২০২৫

জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) আজ রোববার (১৮ মে) শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে ২০২৫-২৬ অর্থবছরের জন্য সম্ভাব্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদনের লক্ষ্যে বৈঠকে বসছে। প্রধান উপদেষ্টা ও এনইসি চেয়ারপারসন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

নতুন অর্থবছরের প্রস্তাবিত ২ লাখ ৩০ হাজার কোটি টাকার এডিপির মধ্যে ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা সরকারের নিজস্ব অর্থায়ন এবং ৮৬ হাজার কোটি টাকা প্রকল্প ঋণ ও অনুদান থেকে আসবে।

এডিপির বড় অংশ এবারও বরাদ্দ পাচ্ছে পরিবহন ও যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য এবং গৃহায়ন খাত।

  • পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দ ২৫.৬৪% বা ৫৮,৯৭৩ কোটি টাকা
  • বিদ্যুৎ ও জ্বালানি: ১৪.০৮% বা ৩২,৩৯২ কোটি টাকা
  • শিক্ষা: ১২.৪২% বা ২৮,৫৫৭ কোটি টাকা
  • গৃহায়ন ও কমিউনিটি সুবিধা: ২২,৭৭৬ কোটি টাকা
  • স্বাস্থ্য: ১৮,১৪৮ কোটি টাকা

স্থানীয় সরকার, কৃষি, পরিবেশ, শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তি, জনশৃঙ্খলা, সামাজিক সুরক্ষা ও প্রতিরক্ষা খাতেও বরাদ্দ রাখা হয়েছে উল্লেখযোগ্য পরিমাণে।

পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে শুরুতে এডিপির আকার ছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা, যা পরে সংশোধিত হয়ে দাঁড়ায় ২ লাখ ১৬ হাজার কোটি টাকায়। সেই তুলনায় নতুন প্রস্তাবিত এডিপি ৩৫ হাজার কোটি টাকা কম হলেও সংশোধিত এডিপির তুলনায় ১৪ হাজার কোটি টাকা বেশি।

এছাড়া সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে আরও ৮,৫৯৯.৭১ কোটি টাকা যুক্ত হলে সামগ্রিক এডিপির আকার দাঁড়ায় ২ লাখ ৩৮ হাজার ৫৯৯.৭১ কোটি টাকা।

নতুন এডিপিতে ২৫৪টি প্রকল্প সমাপ্ত করার লক্ষ্য রাখা হয়েছে, যার মধ্যে রয়েছে ২০৮টি বিনিয়োগ প্রকল্প ও ১১টি সম্ভাব্যতা সমীক্ষা। এবারের এডিপি টেকসই উন্নয়ন, দারিদ্র্য হ্রাস, কর্মসংস্থান সৃষ্টি ও এসডিজি অর্জনের লক্ষ্যে সাজানো হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা