নেত্রকোণার চল্লিশা এলাকায় রেল ব্রিজের ওপর ১৩টি বগি ফেলে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন চলে যাওয়ার ঘটনায় আতঙ্ক ও ক্ষোভে ফেটে পড়েছেন যাত্রীরা। অন্ধকারাচ্ছন্ন ব্রিজের ওপর প্রায় তিন ঘণ্টা ধরে আটকা পড়ে ছিলেন শতাধিক যাত্রী।
শনিবার (১৭ মে) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। দুপুর ১টা ১৫ মিনিটে কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি নেত্রকোণা সদরের চল্লিশা এলাকায় পৌঁছালে হঠাৎ বিকট শব্দ হয় এবং ঝাঁকুনির পর বগিগুলো থেমে যায়।
ট্রেনের পরিচালক জাহিদ হোসেন সাঈদ জানান, ট্রেনের প্রথম বগির বাফার সেল ভেঙে গেলে ১৩টি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে। ইঞ্জিন একটি বগি নিয়ে চলে যায় নেত্রকোণা রেলওয়ে স্টেশনে। পরে ইঞ্জিন ফেরত এলেও রিলিফ ট্রেন না আসায় উদ্ধার কাজ শুরু করা যায়নি।
রাত ১০টা পর্যন্ত ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন এলেও মুষলধারে বৃষ্টির কারণে উদ্ধারকাজ বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
আটকে পড়া যাত্রীরা অভিযোগ করে বলেন, তারা দীর্ঘ সময় ধরে অন্ধকারে নিরাপত্তাহীন অবস্থায় আটকে ছিলেন। রেল কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ না থাকায় যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।