প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

করিডোর ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার: তারেক রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৮ মে, ২০২৫

বিদেশি করিডোর ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র জনগণের ভোটে নির্বাচিত সরকারের বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৭ মে) রাতে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনাসভায় যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান অভিযোগ করে বলেন, “সরকার করিডোর ইস্যুকে শহীদদের চূড়ান্ত তালিকার চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছে। অথচ ১০ মাসেও ‘জুলাই বিপ্লব’-এর শহীদ ও আহতদের তালিকা দিতে পারেনি। এতে করে সরকারের সক্ষমতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।”

তিনি আরও বলেন, সরকারের মধ্যে ও বাইরে অস্থিরতা বাড়ছে, যা দেশের রাজনীতিতে আরও অনিশ্চয়তা তৈরি করতে পারে। “সরকার যদি জনগণের আশা-আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হয়, তাহলে অস্থিরতা নিয়ন্ত্রণ করা তাদের পক্ষে কঠিন হয়ে পড়বে,” বলেন তিনি।

তারেক রহমান অভিযোগ করেন, বিএনপি শুরু থেকেই রোডম্যাপের দাবি জানিয়ে এলেও সরকার তাতে কর্ণপাত করেনি। বরং জাতীয় নির্বাচনের দিন ঘোষণার দাবি ঘুরিয়ে সংস্কারের জালে আটকে রেখেছে।

অবিলম্বে জাতীয় নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা