ঝালকাঠির রাজাপুর উপজেলার ঘিগড়া গ্রামে ঋণের টাকা পরিশোধ না করায় এক গৃহবধূর গাভি নিয়ে গেছেন স্থানীয় এক রাজনৈতিক নেতা। গাভি হারিয়ে এক মাস বয়সী বাছুরকে কোলে নিয়ে ন্যায়বিচারের আশায় ঝালকাঠির আদালতে হাজির হয়েছেন ওই গৃহবধূ নারগিস আক্তার (২৫)।
নারগিস জানান, তার স্বামী আবু বকর প্রায় ৯ বছর ধরে নিখোঁজ। সংসার চালাতে গার্মেন্টসে কাজ করে জমানো অর্থে একটি গাভি কেনেন তিনি। গাসেই ভি থেকেই দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করছিলেন। গাভিটির একটি এক মাস বয়সী বাছুর রয়েছে, যা এখন দুধ না পেয়ে দুর্বল হয়ে পড়েছে। নারগিস বলেন, “বাছুরটি এখন বোতলে দুধ ও ভাতের মাড় খেয়ে কোনোমতে বেঁচে আছে।”
নারগিসের অভিযোগ, গত বুধবার সকালে স্থানীয় শুক্তাগড় ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. বেলাল খান হঠাৎ এসে তার স্বামীর পুরোনো ২০ হাজার টাকার ঋণের কথা বলে গাভিটি নিয়ে যান।
বেলাল খানের বক্তব্য:
বিষয়টি স্বীকার করে বেলাল খান বলেন, “প্রায় ৯ বছর আগে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের মাধ্যমে আবু বকরকে ২০ হাজার টাকা দিয়েছিলাম। সুদে-আসলে তা এখন ৩০ হাজার হয়েছে। টাকা না পেয়ে গাভিটি নিয়ে এসেছি।”
বিএনপির প্রতিক্রিয়া:
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মুবিন জানান, “ঘটনাটি আদালতপাড়ায় প্রত্যক্ষ করেছি। তবে লিখিত কোনো অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছবিসহ বিষয়টি ছড়িয়ে পড়েছে। মানবিক বিবেচনায় স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী নারগিস।