ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক সংকটের মধ্যে তিনি বেপরোয়া সিদ্ধান্ত নিতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “মোদি বর্তমানে রাজনৈতিকভাবে কোণঠাসা। হতাশা থেকে তিনি কোনো দুঃসাহসিক পদক্ষেপ নিতে পারেন, আর এমনটা হলে পাকিস্তান কঠোর জবাব দেবে।”
খাজা আসিফের ভাষ্য অনুযায়ী, এমন পরিস্থিতি তৈরি হলে ভারতের মিত্ররাও মোদির পাশে দাঁড়াতে দ্বিধা করতে পারেন।
তিনি আরও জানান, চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তান আন্তর্জাতিক চাপের কারণে নয়, বরং যুক্তরাষ্ট্রসহ মিত্রদেশগুলোর মধ্যস্থতায় অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে। ২২ এপ্রিল কাশ্মীরের পাহালগামে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ে, যা ১০ মে অস্ত্রবিরতিতে গিয়ে ঠেকে।
পাকিস্তানের দাবি:
সাক্ষাৎকারে খাজা আসিফ দাবি করেন, চলমান সংঘাতে পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ও ৭৭টি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে। পাশাপাশি, সাইবার যুদ্ধেও পাকিস্তান এগিয়ে রয়েছে বলেও জানান তিনি। তার মতে, “ভারতের ডিজিটাল কাঠামো অচল করে দেওয়া সম্ভব হয়েছে।”
তবে এ দাবির পক্ষে কোনো স্বাধীন সূত্র থেকে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।