প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৫ মে, ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় শাটডাউনের ঘোষণা দিয়েছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দিন। বৃহস্পতিবার কাকরাইলে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে তিনি এ ঘোষণা দেন।

অধ্যাপক রইস উদ্দিন বলেন, “আমরা কোনো ষড়যন্ত্র করতে আসিনি, বরং বিশ্ববিদ্যালয়ের ন্যায্য অধিকার আদায়ে এসেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষা ও পরীক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমার শিক্ষার্থীদের কেউ আঘাত করলে তা মেনে নেওয়া হবে না। আন্দোলন থেকে সরে যাওয়ার জন্য যদি কোনো চাপ আসে, তার পরিণতি ভালো হবে না।”

এসময় শিক্ষার্থীরা ‘আবাসন চাই, বঞ্চনা নয়’, ‘হামলার বিচার চাই’, ‘বাজেট কাটছাঁট চলবে না’ ইত্যাদি স্লোগানে আন্দোলন চালিয়ে যেতে থাকেন। জানা যায়, প্রায় ২৪ ঘণ্টা ধরে শিক্ষার্থীরা কাকরাইলে অবস্থান করছেন। অনেকেই রাতভর রাস্তায় থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

চার দফা দাবি:
১. ২০২৫-২৬ অর্থবছর থেকে ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি চালু।
২. বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ বাজেট প্রস্তাব অনুমোদন, কোনো কাটছাঁট নয়।
৩. জবির দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ প্রকল্প একনেকে পাশ ও বাস্তবায়ন।
৪. ১৪ মে পুলিশের হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি।

উল্লেখ্য, গতকাল সকালে শিক্ষক-শিক্ষার্থীদের লং মার্চে পুলিশ টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড ও গরম পানি ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেয়। এতে শতাধিক আহত হন, যাদের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিক রয়েছেন।

রাতে উপদেষ্টা মাহফুজ ব্রিফ করতে আসলেও শিক্ষার্থীরা তার বক্তব্যে অসন্তুষ্ট হয়ে স্লোগান দেন এবং একজন শিক্ষার্থী বোতল ছুড়ে মারেন। উপদেষ্টা এরপর স্থান ত্যাগ করেন।

বর্তমানে শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা