প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইশরাককে শপথ না পড়াতে হাইকোর্টে রিট, ট্রাইব্যুনাল বিচারকের শাস্তির দাবি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৪ মে, ২০২৫

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে তাকে মেয়র ঘোষণা করা নির্বাচন ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে।

বুধবার (১৪ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন ডিএসসিসির একজন বাসিন্দা মো. মামুনুর রশিদ।

রিট আবেদনে বলা হয়েছে, নির্বাচন ট্রাইব্যুনাল কর্তৃক দেওয়া রায় এবং সেই রায়ের ভিত্তিতে প্রকাশিত গেজেট আইনসিদ্ধ নয়। রিটের পক্ষে শুনানি করবেন আইনজীবী মোহাম্মদ হোসেন। আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী কাজী আকবর আলী।

রিটের শুনানি আগামী রোববার (১৮ মে) হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি দেবাশীষ রায়ের সমন্বয়ে গঠিত বেঞ্চে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস প্রায় পৌনে দুই লাখ ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন।

তবে গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম ওই নির্বাচনের ফল বাতিল করে ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করেন। এর প্রেক্ষিতে ২২ এপ্রিল আইন মন্ত্রণালয়ের পরামর্শ চেয়ে উদ্যোগ নেয় নির্বাচন কমিশন, এবং ২৭ এপ্রিল গেজেট প্রকাশের মাধ্যমে ইশরাককে ডিএসসিসির মেয়র ঘোষণা করা হয়।

এদিকে, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবিতে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। আজ গুলিস্তানে নগর ভবনের সামনে ‘ঢাকাবাসী’ ব্যানারে আয়োজিত এক মানববন্ধন থেকে এই কর্মসূচির ঘোষণা আসে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা